পাকিস্তানে বিশ্বকাপ নিয়ে অবৈধ বাজি ধরায় ১০০ জন গ্রেপ্তার
বিশ্বকাপ ফুটবলের ম্যাচগুলো নিয়ে অবৈধ বাজি ধরার অভিযোগে পাকিস্তানি কর্তৃপক্ষ ১০০ জনকে আটক করেছে।
গত মাসে জার্মানিতে বিশ্বকাপ শুরু হওয়ার পর এই প্রথম পাকিস্তানের আইন রক্ষাকারী বাহিনী দক্ষিণাঞ্চলের শহর করাচিতে অবৈধ বাজিগরদের আস্তানায় হানা দেয়। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
নাগরিক--পুলিশ যৌথ কমিটির প্রধান শরিফুদ্দিন মেমন বলেন, “আমরা তথ্য পেয়েছিলাম বিশ্বকাপ ফুটবলের ম্যাচগুলো নিয়ে কিছু লোক অবৈধ বাজি ধরছে। তাই আমরা সাথে সাথে করাচির প্রধান বাজারের কাছে একটি বাড়িতে হানা দিয়ে ১০০ জন লোককে আটক করি।”
বাড়িটি হতে জুয়ার বিররণ এবং টেলিভিশন জব্দ করা হয়েছে এবং ভবিষ্যতে তদন্ত করার জন্য মামলাটি পুলিশের কাছে দেওয়া হয়েছে।
