ঢাবি’র মোকাররম হোসেন প্রফেসরশীপের গবেষণা ১৪ বছর ধরে বন্ধ
ঢাকা বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের খন্দকার মোকাররম হোসেন প্রফেসরশীপের গবেষণাকর্ম দীর্ঘ ১৪ বছর ধরে বন্ধ আছে।
অনুসন্ধানে জানা যায়, বিশেষজ্ঞ, যোগ্য ব্যক্তির অভাব, গবেষণা ল্যাবরেটরি, গবেষণা ফান্ড এবং অন্যান্য সুযোগ - সুবিধার অভাবে ওই প্রফেসরশীপের গবেষণাকর্মের কাজ হয়ে পড়েছে স্থবির।
এছাড়া শিক্ষকদের রাজনৈতিক বাড়াবাড়ির কারণে ওই গবেষণা কর্মের জন্য কাউকে নির্বাচিত করা যায়নি বলেও অভিযোগ আছে।
বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু মো. সফিকুল আলম বিডিনিউজকে বলেন, বিভাগীয় সিঅ্যান্ডডি কমিটিই নির্ধারণ করবে এ পদে কাকে গবেষণার সুযোগ করে দেওয়া হবে বা আদৌ কাউকে নিয়োগ দেওয়া হবে কিনা।
রসায়ন বিভাগের সিনিয়র অধ্যাপক ড. আবু জাফর মাহমুদ বিডিনিউজকে জানান, পর্যাপ্ত ল্যাবরেটরি ও গবেষণার তহবিল না থাকার কারণে বাইরের কোনো বিশেষজ্ঞ ব্যক্তিকেও এ প্রফেসরশীপের মাধ্যমে গবেষণার সুযোগ করে দেওয়া যাচ্ছে না।
খবরে প্রকাশ, এছাড়া নানা কারণে বোস প্রফেসরশীপ, বঙ্গবন্ধু চেয়ারসহ শিক্ষকদের অন্যান্য গবেষণা কর্মকাণ্ডও রয়েছে দীর্ঘদিন ধরে বন্ধ; অবশ্য চলতি ২০০৬ -- ০৭ অর্থবছরের বাজেটে শিক্ষকদের গবেষণা ভাতা হিসেবে ৬৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে ঠিকই।
খোঁজ নিয়ে যায়, ১৯৭৯ সালের ১৯ ডিসেম্বরে বিভাগীয় উন্নয়ন ও সমন্বয় পরিষদ বা সিএন্ডডি কমিটি ওই মোকাররম হোসেন প্রফেসরশীপ প্রতিষ্ঠার সুপারিশ করে। একই বছরের ২৫ ডিসেম্বর ঢাবির সিন্ডিকেটের সভায় এ পদ তৈরী করা হয়। একজন বিশেষজ্ঞ, পণ্ডিত ব্যক্তিকে এর মাধ্যমে গবেষণার সুযোগ করে দেওয়া হয়।
১৯৮৬ সালের জুনে সিন্ডিকেটের এক বৈঠকে দুবছরের জন্য অধ্যাপক জহির হায়দারকে মাসিক ছয় হাজার টাকা সম্মানীতে এ পদে নিয়োগ দেওয়া হয়।
অধ্যাপক জহির হায়দার বিডিনিউজকে জানান, ১৯৯২ সাল পর্যন্ত তিনি ওই পদে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। তিনি জানান, এ সময়ে ১২ জন শিক্ষার্থী পিএইচডি এবং চার জন এমফিল ডিগ্রী সম্পাদন করেন। এছাড়া তিনি নিজে বিভিন্ন বিষয়ে গবেষণা করেন।
অধ্যাপক জহির বিডিনিউজকে বলেন, আমি রাজনীতির ক্ষমতাবলে ওই পদে নিয়োগপ্রাপ্ত হইনি; বরং মেধার ভিত্তিতে এ প্রফেসরশীপ পেয়েছি।
তিনি ক্ষোভ প্রকাশ করে আরো বলেন, ঢাবি এখন রাজনৈতিক ব্যক্তিদের পদচারনায় মুখর। শিক্ষকের ‘অ্যাচিভমেন্ট’ না থাকলে তো ওই মোকাররম হোসেন প্রফেসরশীপ পদ দেওয়া যায় না।
