ইতিহাস ইশারা করলেও ইংল্যান্ডকে পরাজিত করতে চায় পর্তুগাল
১৯৬৬ সালে কিংবদন্তি ইউসেবিওর ক্রীড়া নৈপুণ্যে পর্তুগাল বিশ্বকাপ ফুটবল আসরের সেমি ফাইনালে উঠলেও এরপর আর কখনই দলটি এতদূর উঠতে পারেনি। তবে বর্তমান দলের অধিনায়ক লুইস ফিগো জানিয়েছেন, তার দল শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে অনুষ্ঠেয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে শুধুমাত্র জয়ের চিন্তা মাথায় নিয়েই মাঠে নামবে।
ইটার মিলানের ৩৩ বছর বয়স প্লে--মেকার ফিগো বলেন, “এটা আমাদের জন্য ঐতিহাসিক সুযোগ। ১৯৬৬ সালে শেষবার আমরা সেমি--ফাইনালে খেলেছিলাম। বিশ্বের সেরা আটটি দলের একটি হতে পেরে আমরা গর্বিত। আমরা এই মুহূর্তে বিশ্বকাপ শিরোপা জয় নিয়ে চিন্তা করছি না। শুধুমাত্র ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটি নিয়েই আমরা এখন ভাবছি।”
তিনি আরও বলেন, “আমরা এবারের বিশ্বকাপ আসরে দারুন মানসিক শক্তি দেখিয়েছি। আশাকরি ইংল্যান্ডকে আমরা সব দিক থেকে পরাজিত করতে পারবো। ইংল্যান্ডের খেলোয়াড়রাও দারুন মানসিক শক্তি প্রদর্শন করেছে। তবে আমারা প্রমাণ করবো আমরাই সেরা।”
ফিগো বলেন, “আমি ইংল্যান্ডকে সম্মান করি। আমরা জানি তারা বেশ ভাল দল এবং তাদের ভাল খেলোয়াড়ও রয়েছে। এই ধরনের উত্তেজনাপূর্ণ ম্যাচের ফলাফল সামান্য কোনও বিষয়ের উপর নির্ধাইরত হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, পূর্ণ ৯০ মিনিট মনোযোগ বজায় রাখা যাতে কোন প্রকার ভুল ঘটে না যায়।”
