২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিমলার ২০টি গ্রামের মানুষ পানিবন্দী উজানের ঢলে বন্যা : তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করেছে

সীমান্তের ওপার থেকে নেমে আসা গত দু’দিনের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানিবৃদ্ধির ফলে ডুবে গেছে জেলার ডিমলা উপজেলার তিস্তা তীরবর্তী বেশ কিছু গ্রাম। নদী ও তিস্তা ডানতীর বাঁধের মধ্যবর্তী অন্তত ২০টি গ্রামের কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2006, 07:50 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

এসব গ্রামের প্রায় দু’শ’ বানভাসি মানুষ তিস্তা ডানতীর বাঁধে আশ্রয় নিয়েছে। পাউবো সূত্র জানায়, ডিমলার ঝাড়সিংহেস্বর এলাকায় নদীর পানি প্রবল বেগে আঘাত হানছে তিস্তা প্রধান বাঁধে। সিসি ব্লক ফেলে বাঁধটি রক্ষার চেষ্টা চলছে। 

সীমান্তের ওপারে গজলডোবা ব্যারেজের সবকটি গেট খুলে দেয়ায় ধেয়ে আসা পাহাড়ী ঢলে হুহু করে বাড়তে শুরু করেছে তিস্তার পানি। স্থানীয় লোকজন জানিয়েছে বৃহস্পতিবার ভোরে তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপদসীমা (৫২দশমিক ২৫ মিটার) অতিক্রম করে ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। তবে বিকেলে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান জানিয়েছেন, নদীর পানি ১০ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির প্রবল চাপ সামলাতে তিস্তা ব্যারেজের সব ক’টি (৪৪) গেট খুলে দেয়া হয়েছে।

ডিমলা উপজেলার ঝাড়সিংহেস্বর, দোহলপাড়া, কিসামতের চর, পশ্চিম খড়িবাড়ী, চরখড়িবাড়ী, ভাষানীর চর, উত্তর খড়িবাড়ী, তাপুর চর, দক্ষীন খড়িবাড়ী, পূর্বখড়িবাড়ী, বাইশপুকুর, সতীঘাট, ছোটখাতা, ভেন্ডাবাড়ী, ছাতুনামা, উত্তর সোনাখুলী গ্রাম ২/৩ ফুট পানিরে নিচে তলিয়ে গেছে।