দেশের বিপুল সংখ্যক শিশু পর্নোগ্রাফি তৈরিতে ব্যবহৃত হচ্ছে
বাংলাদেশের অনাথ ও অসহায় পথশিশুরা ক্রমবর্ধমান হারে পর্নোগ্রাফির শিকার হচ্ছে।
বেসরকারি সংস্থা ইনসিডিন বাংলাদেশ বৃহস্পতিবার ঢাকা রিপোটার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানায়, দেশের অজ্ঞাত কিন্তু বিপুল সংখ্যক শিশু বাণিজ্যিকভাবে যৌনকাজে ব্যবহৃত হচ্ছে।
ইনসিডিন’র অ্যাডভোকেসি প্রধান নাসিমুল আহসান বলেন, আমাদের হেফাজতেই বর্তমানে ২০২ টি পথশিশু রয়েছে, যাদের এ অবস্থা থেকে বের করে আনা হয়েছে।
তাছাড়া সম্প্রতি মিশরের ‘প্রাইভেট বিজনেস, এ-১ আহরাম’ নামে একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশকে একটি সম্ভব্য শিশু পর্নোগ্রাফি রপ্তানিকারক দেশ হিসেবে উল্লেখ করা হয়েছে।
ইনসিডিন বাংলাদেশের একটি গবেষক দলের পর্যবেক্ষনে দেখা গেছে নগরীর স্টেডিয়াম মার্কেট এলাকা, পাটুয়াটুলি, নিউমার্কেট এবং তার আশেপাশের এলাকায় অ্যাডাল্ট পর্নোগ্রাফির পাশাপাশি শিশু পর্নোগ্রাফি খুবই সহজলভ্য।
ইনসিডিন বাংলাদেশের নির্বাহী পরিচালক একেএম মোশতাক আলী বলেন, এটা ইন্টারনেটের অবাধ ব্যবহারের এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে ক্রয় ব্যবস্থায় চূড়ান্ত অপব্যবহার ও কুফল।
গবেষণায় এ অবস্থা থেকে উত্তরণে কঠোর আইন প্রণয়ন ও তার প্রয়োগ এবং ইতোমধ্যেই যারা এর সাথে জড়িয়ে পড়েছে তাদের মনস্তাত্ত্বিক কাউন্সিলিংয়ের ওপর জোর দেওয়া হয়েছে।
শিশু অধিকার সনদের স্বাক্ষরকারী দেশ হওয়া সত্ত্বেও দেশে এ সনদের ধারা ৩৪ ও ৩৫ লঙ্ঘণ করা হচ্ছে বলে উল্লেখ করে বক্তারা বলেন, সরকার, গণমাধ্যমসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের যথাযথ ভূমিকা রেখে শিশু অধিকার নিশ্চিত করতে হবে।
