২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৬ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সোহেল তাজ এমপি’র হত্যা প্রচেষ্টা মামলায় বিচার বিভাগীয় তদন্তের আদেশ

হত্যা প্রচেষ্টা ও মারপিটের অভিযোগে সাংসদ সোহেল তাজের দায়ের করা মামলায় বৃহস্পতিবার বিচার বিভাগীয় তদেন্তের আদেশ দিয়েছেন আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2006, 05:25 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

ঢাকার সিএমএম আদালতের বিচারক ম্যাজিস্ট্রেট সৈয়দ মোহাম্মদ মুজিবুল হক এ আদেশ দেন।

ঢাকার সিএমএম আদালতে দায়ের করা মামলাটি বলা হয়েছে, গত ২০ জুন প্রধান নির্বাচন কমিশনার ও অপর দু কমিশনারের পদত্যাগের দাবিতে শান্তিপূর্ণভাবে নির্বাচন কমিশন ঘেরাও শেষে দুপুর সোয়া ১২টায় বাসায় ফেরার পথে অভিযুক্ত পুলিশ সদস্যরা পরিকল্পিতভাবে মিছিলে হামলা করে।

পেছন দিক থেকে টিয়ার গ্যাস, ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোটা নিয়ে ওই হামলা চালানো হয়।

তাদের লাঠিচার্জে বাদি সোহেল তাজ, আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মী আহত হয়।

এসময় তারা ধানমন্ডি ২৭ নম্বর রোডের জেনিয়াল চাইনিজ রেস্টুরেন্টের পশ্চিম দিকের গলিতে ঢুকে আত্মরক্ষার চেষ্টা করেন।

কিন্তু আসামী পুলিশরা গজারি লাঠি, রাইফেলের বাট, বুট দিয়ে আঘাত করে বাদি ও সাক্ষীদের মাটিতে ফেলে দিয়ে নির্মম প্রহার করে। এসময় তারা পুলিশদের শান্ত হওয়ার জন্য অনুরোধ করলে পুলিশরা অশ্লীল গালিগালাজ করতে করতে বাদিকে গজারি কাঠের লাঠি দিয়ে তার শরীরের বিভিন্ন অংশে আঘাত করে হত্যার চেষ্টা চালায়।

ম্যাজিস্ট্রেট সৈয়দ মোহাম্মদ মুজিবুল হকের কাছে জবানবন্দি দেওয়ার সময় বাদি তার পরিহিত জামা খুলে আঘাতের চিহ্ন দেখান।

ম্যাজিস্ট্রেট প্রথমে বিষয়টি তদন্তের জন্য আইজির কাছে পাানোর সিদ্ধান্ত নেন। কিন্তু পরে বাদির আইনজীবীদের আইনের ব্যাখ্যা শুনে বিষয়টির উপর বিচার বিভাগীয় তদন্তের আদেশ দেন।

বাদিপক্ষে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, সৈয়দ রেজাউর রহমান, সাহারা খাতুন।

মামলার আসামীদের মধ্যে রয়েছেন- ধানমন্ডি থানার ওসি মাহবুব হোসেন, মোহাম্মদপুর থানার ওসি জহিরুল ইসলাম, ডিসি (পশ্চিম) কোহিনূর মিয়া, ডিসি ডিবি মোহাম্মদ শহীদুল, এসি ডিএমপি মোহাম্মদ আবুল খায়ের, ডিসি, দাঙ্গা (দক্ষিণ) মোহাম্মদ রেজাউল করিম, এসি তেজগাঁও মোহাম্মদ গিয়াসউদ্দিন রিমন প্রমুখ।