নগরীর রাজারবাগে সড়ক দুর্ঘটনায় ২ র্যাব কর্মকর্তা নিহত
নগরীর রাজারবাগে বুধবার মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) এর উচ্চপদস্থ দু’ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন।
নিহতরা হলেন- লেফটেন্যান্ট কমান্ডার শাহেদ সারোয়ার খান (৩০) ও এএসপি এবিএম মাহবুব আলম প্রধান (৩৫)।
র্যাব সূত্র জানায়, আহতরা হলেন, র্যাবের গাড়ি চালক ফ্লাইট লেফটেন্যান্ট মুজাহিদ এবং কামরুজ্জামান পলাশ।
ফ্লাইট লেফটেন্যান্ট মুজাহিদকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে কামরুজ্জামান পলাশ ও অজ্ঞাত একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পলাশের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল ও র্যাব সূত্র জানিয়েছে ।
র্যাব, পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, অফিসিয়াল দায়িত্ব পালন করে র্যাবের পাঁচ সদস্য তাদের ঘাঁটিতে ফিরে আসার সময় রাত ১টা ১০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
একটি মাটি ভর্তি ট্রাকের সাথে র্যাবের পাজেরো জিপের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ওই দু’ কর্মকর্তা নিহত হন।
লেফটেন্যান্ট কমান্ডার শাহেদ সারোয়ার খান কুষ্টিয়া জেলার বড়খাদা এলাকার শমশের আলীর ছেলে। অন্যদিকে এবিএম মাহবুব আলম প্রধান মুন্সীগঞ্জ জেলার আব্দুস সাত্তার মিয়ার ছেলে।
