জাতিসংঘ মহাসচিব পদের প্রার্থিতায় বাংলাদেশের সমর্থন চেয়েছে ভারত
জাতিসংঘের মহাসচিব পদে আসন্ন নির্বাচনে ভারত তার প্রার্থীতায় বাংলাদেশের সমর্থন চেয়েছে। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বীণা সিক্রি বুধবার পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খানের সাথে সাক্ষাত করে এ সমর্থন চান।
ভারতীয় হাইকমিশনার পররাষ্ট্র মন্ত্রীকে জানান, তার দেশ ইতোমধ্যেই জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল শশী থারুর কে ওই শীর্ষ পদের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে।
সাক্ষাৎকালে পররাষ্ট্র মন্ত্রী সম্প্রতি ভারত থেকে বাংলাদেশে চাল, মসুরের ডাল ও চিনি রপ্তানি বন্ধ করে দেওয়ার কারণ জানতে চাইলে বীণা সিক্রি তার ব্যাখ্যা দেন। তিনি বলেন, পণ্যগুলোর ঘাটতি দেখা দেওয়ায় কেবল বাংলাদেশের ক্ষেত্রে এ সিদ্ধান্ত নেওয়াও হয়েছে তা নয়, সকল দেশেই এ পণ্যগুলো রপ্তানি বন্ধ করা হয়েছে।
আলোচনায় জাতিসংঘের সংস্কার ও এর মহাসচিব পদের নির্বাচনে প্রার্থীতার বিভিন্ন দিক স্থান পায় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
