নারায়ণগঞ্জে মা ও মেয়েকে জবাই করে খুন
নারায়ণগঞ্জে বুধবার ভোরে একদল ডাকাত মা ও মেয়েকে জবাই করে খুন করেছে।
পুলিশ জানায়, জেলার ফতুল্লা থানার ১০৯ পশ্চিম দেওভোগ এলাকার দাতা সড়কের একটি বাড়িতে ডাকাতরা ওই জোড়া খুনের পর স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ কয়েক লাখ টাকার মূল্যবান জিনিসপত্র লুট করে।
নিহতরা হচ্ছে -- মনোয়ারা বেগম (৪৫) এবং রাজিয়া সুলতানা মুন্নী (১৭)।
পুলিশ জানায়, ওই বাড়ির মালিক মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী মনোয়ারা বেগম দুই ছেলে-- মেয়ে নিয়ে বাড়িটির তৃতীয় তলায় থাকতেন। ফজরের নামাজের সময় ভাড়াটিয়ারা বাড়ির প্রধান ফটক খুলে বাইরে যায়।
পুলিশের ধারণা, এ সময় একাধিক ব্যক্তি মনোয়ারা বেগমের ফ্ল্যাটে প্রবেশ করে মা ও মেয়েকে হাত -- পা বেধে জবাই করে খুন করে। পরে তারা স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে পালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাপ্পী নামের এক যুবক ওই ফ্ল্যাটে তালা লাগানোর চেষ্টা করলে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
