নওগাঁয় নুরুল মাস্টার হত্যা মামলায় ৩ জনের ফাঁসি ও ২ জনের যাবজ্জীবন
নওগাঁ জেলার অতিরিক্তি দায়রা জজ আদালত পোরশা উপজেলার সাড়া জাগানো নুরুল ইসলাম মাস্টারের হত্যা মামলার আসামিদের মধ্যে তিনজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানা এবং দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
নওগাঁর প্রথম অতিরিক্ত দায়রা জজ আবু আহমেদ জমাদার সোমবার জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলো, পোরশা উপজেলার বড়গ্রাম গ্রামের মৃত ময়েন উদ্দিনের তিন ছেলে ওয়াজেদ আলী মিঠু (৩২), হারুন অর রশিদ হারুণ (২৫) ও মাজেদ আলী পিন্টু (৩০)।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলো, বড়গ্রাম গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মিজানুর রহমান (২৬) ও একই গ্রামের বীর উদ্দিনের ছেলে আব্দুর রশিদ ভুট্টু (২৮)। অপর আসামি আব্দুর রশিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেয়া হয়।
মামলার বিবরণে প্রকাশ, নুরুল ইসলাম মাস্টার গত ২০০২ সালের ১১ ফেব্র“য়ারি রাত ৮ টায় সমনগর বাজার থেকে বাই সাইকেলে করে বাড়ি ফেরার পথে আসামিরা ফিসকা পুকুর নামক স্থানে তাকে আটক করে শ্বাসরোধ করে হত্যার পর লাশ নল পুকুরের উত্তর পাশে মাটিতে পুঁতে রাখে।
এ ব্যাপারে নিহতের স্ত্রী সালমা বাদি হয়ে মামলা দায়ের করেন। ২০০২ সালের ২৮ ফেব্র“য়ারি আসামি ওয়াজেদ ও হারুনের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ লাশ উদ্ধার করে।
