২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে স্বাধীন মাতৃভূমিতে সমাহিত হলেন বীরশ্রেষ্ঠ মতিউর

স্বাধীনতার ৩৫ বছর পর সমস্ত অবজ্ঞা আর অসম্মান ঘুঁচিয়ে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান অবশেষে স্বাধীন বাংলাদেশের মাটিতে সমাহিত হলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2006, 05:33 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

সামরিক রীতি ও পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় এই বীর বিমান সেনাকে রোববার সকাল সাড়ে ১১টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী গোরস্তানে বিশিষ্ট মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত সারিতে সমাহিত করা হয়েছে।

এর আগে সকাল ১০টায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে মতিউর রহমানের দেহাবশেষ বহনকারী কফিনকে সামনে রেখে এক বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার মোনাজাতে অংশ নেন। এসময় তিন বাহিনীর সদস্য ছাড়াও সরকারের উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বিশেষ মোনাজাতের পর অস্থায়ী রাষ্ট্রপতি বীরশ্রেষ্ঠ মতিউরের কফিনে পুষ্পস্তবক অর্পন করেন। এরপর জনসাধারণের জন্য মতিউরের মরদেহ বহনকারী কফিনটির কাছে যাতায়াতের পথটি উন্মুক্ত করে দেওয়া হয়। অপেক্ষমান শত শত মানুষ এসময় মতিউরের কফিনের কাছে গিয়েও পুষ্পস্তবক অর্পন করে বীর এ সেনানীর প্রতি তাদের শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে শনিবার রাতে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের দেহাবশেষ পাকিস্তান থেকে বাংলাদেশে নিয়ে আসা হয়। বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে প্রতিহিংসাবশত একজন ‘রাষ্ট্রদ্রোহী’ হিসেবে চিহ্নিত করে পাকিস্তানের মাসুদ এয়ার বেসের সামরিক গোরস্থানে কবরস্থ করা হয়।

মতিউর রহমান যে দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছিলেন সেই স্বাধীন দেশের মাটিতে তার দেহাবশেষ সমাধিস্থ করার মাধ্যমে জাতি এ মাটির মহান সন্তানের প্রতি অশেষ ঋণের অংশ বিশেষ পরিশোধ করল।

নামাজে জানাজায় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধান এবং মতিউর রহমানের পরিবারের সদস্যরা।

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের দেহাবশেষ রোববার সকালে জাতীয় প্যারেড স্কায়ারে নিয়ে যাওয়া হয় এবং সেখানে সকাল ১০ টায় একটি জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার লাশ মীরপুরের শহীদ বুদ্ধিজীবী গোরস্তানে নিয়ে আসা হয় এবং সেখানে অনুষ্ঠিত নামাজে জানাজায় রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় ব্যক্তিরা অংশ নেন।

সামরিক বাহিনীর বাদক দল বিউগলে অন্তিম সুর বাজিয়ে বীরশ্রেষ্ঠ মতিউরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিন বাহিনীর সম্মিলিত একটি চৌকষ দল মতিউরের উদ্দেশে গার্ড অব অনার প্রদান করে। তিনটি যুদ্ধ বিমান তার সমাধির ওপর স্বাধীন বাংলাদেশের লালসবুজ পতাকা নিয়ে কয়েক বার আকাশে পাক খায়। আত্মীয় স্বজনের কান্নার শব্দ ভেসে আসে। বীরশ্রেষ্ঠ মতিউরকে বাংলা মায়ের বুকে শায়িত করার সময়টি ছিল এরকম।

বীরশ্রেষ্ঠ মতিউরের কফিনটি যতক্ষণ সমাধিস্থ করা না হয় ততক্ষণই স্যালুটের ভঙ্গিতে শহীদ বুদ্ধিজীবী গোরস্তান ঘিরে দাঁড়িয়ে ছিল কয়েক হাজার সেনা।

বীরশ্রেষ্ঠ মতিউরের রহমানের বিধবা স্ত্রী মিলি রহমান বলেন, এখন আর কাঁদতে বাধা নেই, কেননা তাকে স্বাধীন দেশের মাটিতে শায়িত করা হয়েছে।