২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় ডাকাতের গুলিতে যুবক খুন

নওগাঁর বদলগাছি উপজেলার কোমারপুর গ্রামে শুক্রবার ভোর রাতে ডাকাতের গুলিতে এক যুবক খুন হয়েছে। এ ঘটনায় মহিলাসহ দুইজন আহত হয়েছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2006, 03:31 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

নিহত যুবকের নাম আবু সাঈদ (২৫)। সে কোমারপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে এবং বদলগাছী ডিগ্রি কলেজের ছাত্র।

আহতরা হলো, গৃহকর্তার স্ত্রী রহিমা খাতুন (৫০) ও ছেলে সুমাইন (৩০)। তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকবাসী সূত্র জানায়, শুক্রবার ভোর রাত ২টার দিকে ১৫/২০ জনের সশস্ত্র একদল ডাকাত বাড়ির প্রাচীর টপকিয়ে নাজিমুদ্দিন মাস্টারের বাড়িতে ঢুকে বাড়ির লোকদের অস্ত্রের ভয় দেখিয়ে ৯ ভরি স্বর্ণলংকার, নগদ ১৮ হাজার টাকা, একটি মোবাইল ফোন এবং অন্যান্য জিনিসপত্রসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করে।

এ সময় বাধা দিতে গেলে ডাকাতরা গৃহকর্তার স্ত্রী ও ছেলেকে ছুরিকাঘাত করে। লোকজনের চিৎকার শুনে প্রতিবেশী যুবক মোজাম্মেল এগিয়ে এলে ডাকাতদের গুলিতে সে ঘটনাস্থলেই নিহত হয়।

ডাকাতরা পালিয়ে যাওয়ার ১০ মিনিট পর টহল পুলিশ ঘটনাস্থলে আসে।

পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ ব্যাপারে বদলগাছী থানায় মামলা দায়ের করা হয়েছে।