২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টোগোর বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ার ২ - ১ গোলের জয়

জার্মানির ফ্রাঙ্কফুর্টে বিশ্বকাপ ফুটবলের ‘জি’ গ্র“পের প্রথম ম্যাচে গতবারের সেমিফাইনালিস্ট দক্ষিণ কোরিয়া নবাগত টোগোকে ২ - ১ গোলে পরাজিত করেছে। এবারের আসরে এশিয়ার দেশ হিসেবে দক্ষিণ কোরিয়াই প্রথম জয়ের মুখ দেখলো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2006, 09:35 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

নবাগত টোগো খেলার শুরু থেকেই অনেকটা রক্ষণাত্মক ভঙ্গিতে খেলে। ফলে দক্ষিণ কোরিয়া মধ্য মাঠের নিয়ন্ত্রণ নিয়ে বেশ কয়েকটি  আক্রমণ চালালেও তাতে সাফল্য আসেনি। টোগোর আর্সেনালের ফরোয়ার্ড ইমানুয়েল খেলার ১০ ও ১৫ মিনিটে দুটি পাল্টা আক্রমণ রচনা করলেও স্ট্রাইকারদের ব্যর্থতায় সুযোগগুলো কাজে আসেনি।

খেলার ২০ মিনিটে টোগো’র গোলরক্ষক কোসি আগাসা’র নৈপুন্যে কোরিয়ার লি ইয়ুল ইয়ং ফ্রি কিক থেকে গোল আদায় করতে ব্যর্থ হন।

খেলার ৩১ মিনিটে কোরিয়ার রক্ষণভাগকে বোকা বানিয়ে বিশ্বকাপ আসরে টোগো’র প্রথম গোলটি করেন ফরোয়ার্ড মোহাম্মদ কাদের। তার জোরালো শটটি কোরিয়ার গোলরক্ষক উন লি’কে পরাস্ত করে জালে ঢুকলে টোগোর সমর্থকরা উল্লাসে ফেটে পড়ে। 

পিছিয়ে পড়ে সমতায় ফিরে আসতে জোর প্রচেষ্টা চালায় কোরিয়া। কিন্তু কোনো গোল না পেয়েই প্রথমার্ধের খেলা শেষ করতে হয় কোরীয়দের।

দ্বিতীয়ার্ধে গোল পেতে মরিয়া হয়ে খেলা শুরু করে দক্ষিণ কোরিয়া। আর সুযোগও এসে যায় ৮ মিনিটের মাথায়। মিডফিল্ডার পার্ক জি সাং অদ্ভুত দক্ষতার সাথে বল নিয়ে টোগো’র পেনাল্টি সীমানার ঢুকে পড়লে টেগো’র ডিফেন্ডার জ্যাঁ পল এ্যাবালো’র বাজে ট্যাকেল বাধা হয়ে দাঁড়ায়। এ্যাবালোকে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়তে হয়। পেনাল্টি বক্সের ঠিক সামনে থেকেই ফ্রি কিক পেয়ে ফরোয়ার্ড লী চান সু দলকে সাফল্য এনে দেন। অসামান্য এক ফ্রি কিক গোলরক্ষক আগাসাকে পরাস্ত  করে সমতা নিয়ে আসেন সান চু।

এরপর জয়ের লক্ষ্যে শুরু হয় উভয় দলের আক্রমণ ও পাল্টা আক্রমণ। এই যুদ্ধে কোরিয়াকে এগিয়ে নিয়ে যায় তাদের বদলী খেলোয়াড় জাং হুয়ান। ৭১ মিনিটের মাথায় তার ডিফ্লেক্টেড শটটি টোগো’র জালে প্রবেশ করলে জয় নিশ্চিত হয় কোরিয়ার। 

খেলায় টোগো পরাজয় বরণ করলেও কোচ অটো ফিস্টারের উপস্থিতি ছিল টোগো দলের জন্য একটি পজিটিভ দিক। কর্তৃপক্ষের সাথে বিরোধ সত্ত্বেও মাঠে তার উপস্থিতি খেলোয়াড়দের অনুপ্রাণিত করেছে। বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই জার্মান কোচের বিশ্বকাপে অংশগ্রহণ উপভোগ করেছে বাংলাদেশের লাখো ফুটবলপ্রেমী। ফিস্টার ১৯৯৫ সালের মার্চ মাস থেকে ১৯৯৭ সালের অক্টোবর পর্যন্ত বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন।

বিজয়ী দক্ষিণ কোরিয়া ১৯ জুন লিপজিগে তাদের দ্বিতীয় গ্র“প ম্যাচে ৯৮’এর চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হবে। একই দিনে ডর্টমুন্ডে টোগো মুখোমুখি হবে গ্র“পের অপর দল সুইজারল্যান্ডের।