২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙ্গামাটি ও বান্দরবানে কল্পনা চাক্মা অপহরণের প্রতিবাদ দিবস পালন

হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী কল্পনা চাক্মা অপহরণের ১০ম প্রতিবাদ দিবস সোমবার বান্দরবান ও রাঙ্গামাটিতে পালিত হয়েছে।

রাঙ্গামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2006, 08:49 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

হিল উইমেন্স ফেডারেশন রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে ও জেলা শিল্পকলা একাডেমীতে হিল উইমেন্স ফেডারেশন রাঙ্গামাটি জেলার সভানেত্রী জোনাকি চাক্মার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি  ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সত্যবীর দেওয়ান।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জেলা সাধারণ সম্পাদক ব্যোধিসত্ত চাক্মা, পাহাড়ী ছাত্র পরিষদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উদয়ন ত্রিপুরা। পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির জেলা সভানেত্রী সীমা দেওয়ান। অনুষ্ঠান পরিচালনা করেন হিল উইমেন্স ফেডারেশন রাঙ্গামাটি জেলার সম্পাদিকা এন্টিনা চাক্মা।

সমাবেশে নেতৃবৃন্দ কল্পনা চাক্মা অপহরণ বিষয়ে গঠিত তদন্ত কমিশনের রিপোর্ট অবিলম্বে প্রকাশ করে দায়ী ব্যক্তির ফাঁসি দাবি করেন। এছাড়া পার্বত্য চট্টগ্রামে এ যাবত সংঘটিত সকল জুম্ম নারী ধর্ষণ, অপহরণ, হত্যাকান্ডের শ্বেতপত্র প্রকাশ করা ও দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানানো হয়।

বান্দরবান জেলায় জনসংহতি সমিতি (জেএসএস) এর উদ্যোগে দিবসটি উপলক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 

জেলা জেএসএস অফিস চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীতে বিপুল সংখ্যক আদিবাসী নারী অংশ নেয়। পরে জেএসএস কার্যালয়ে আয়োজিত প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেএসএস জেলা সেক্রেটারী উছো মং মারমা ও সাংগঠনিক সম্পাদিকা ওয়াইচিং প্র“ মারমা।

১৯৯৬ সালের ১২ জুন হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী কল্পনা চাকমা রাঙামাটি থেকে অপহরণ হয়। তার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। কল্পনা চাকমা অপহরণের প্রতিবাদে জেএসএস প্রতি বছর ১২ জুনকে প্রতিবাদ দিবস পালন করছে।

এদিকে পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তির ধীর বাস্তবায়নে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। ১৯৯৭ সালে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

পররাষ্ট্র মন্ত্রী এম মোর্শেদ খানকে দেওয়া এক চিঠিতে ইউরোপীয় ইউনিয়ন পার্বত্য এলাকায় মানবাধিকার সংরক্ষণ এবং পাহাড়ি আদিবাসীদের দাবি দাওয়া পূরণে চুক্তির শর্তগুলো মেনে চলতে সরকারের প্রতি আহবান জানানো হয়।