২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে বাণিজ্যিক দৃষ্টিভঙ্গী প্রত্যাহারের আহবান জানিয়েছেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী এম ওসমান ফারুক সোমবার বলেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো বাণিজ্যিক দৃষ্টিভঙ্গী বজায় না রেখে দেশের তরুণ প্রজন্মকে জনবলে রূপান্তরে কার্যকর ভূমিকা পালন করতে পারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2006, 06:36 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

মন্ত্রী বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইন্ডিপেন্ডেট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি)’র দশম সমাবর্তনের মাননীয় রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের মনোনীত প্রতিনিধি হিসেবে সভাপতির বক্তব্যে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকার উচ্চ শিক্ষাক্ষেত্রে সুযোগ অবারিত করেছে কিন্তু এ সুযোগ মান বিসর্জন দিয়ে নয়।

কিছু কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নিশ্চিত না করে বরং বিনষ্ট করছে বলে মন্ত্রী অভিযোগ করেন।

তিনি আরও বলেন, দেশের বিপুল সংখ্যক শিক্ষার্থী বেসরকারি পর্যায়ে অধ্যায়ন করছে। বিজ্ঞান ও প্রযুক্তিমনষ্ক জনসম্পদ তৈরির মাধ্যমে দেশ ও বিদেশে দক্ষ জনবলের ঘাটতি মেটাতে সমন্বিত উদ্যোগ জরুরি বলে তিনি মত প্রকাশ করেন।

সকলের সম্মিলিত প্রয়াসের মাধ্যমেই তরুণদের মেধার বিকাশ ঘটতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন, যুক্তরাষ্ট্রের বাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জিওফ উড। এছাড়া অন্যান্যের মধ্যে আইইউবি ট্রাস্টের চেয়ারম্যান তৌহিদ সামাদ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর বজলুল মোবিন চৌধুরী, উপ-উপাচার্য ওমর রহমান বক্তব্য রাখেন।