বিশ্বকাপ ম্যাচ দেখার সময় শান্ত থাকতে হবে কম্বোডিয়ার বৌদ্ধ ভিক্ষুদের
নমপেনের বৌদ্ধ ধর্মযাজকদের প্রধান অন গেট সে দেশের ৪০ হাজার বৌদ্ধ ভিক্ষুদের উদ্দেশে বিশ্বকাপ খেলা দেখার সময় শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এর বিপরীত হলে তারা ভিক্ষুত্ব হারাবেন বলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন।
অন গেট সোমবার বলেন, ভিক্ষুদের জনসম্মুখে খেলা দেখা উচিত নয়। অথবা ম্যাচ দেখার সময় আনন্দ উল্লাস ও বাজি ধরতে পারবেন না। এ ধরনের কর্মকাণ্ড বৌদ্ধ ধর্ম বিরুদ্ধ।
তিনি বলেন, নতুন প্রযুক্তির কারণে সবখানেই খেলা সম্প্রচার হচ্ছে। তাই খেলা দেখা থেকে তাদের নিষিদ্ধ করা খুব কষ্টসাধ্য। তবে খেলা দেখার সময় অবশ্যই শান্ত থাকতে হবে।
তিনি আরো বলেন, খেলার সময় তারা যদি আনন্দ উল্লাসে মেতে ওঠে তাহলে তারা ভিক্ষুত্ব হারাবে।
