২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিফাকে পানির সুব্যবস্থা করার জন্য ইংল্যান্ড দলের আহবান

ফ্রাঙ্কফুর্টের প্রচন্ড তাপের মধ্যে প্যারাগুয়ের বিপক্ষে খেলতে গিয়ে ইংল্যান্ড দল খাবার পানির অভাবে পড়ায় পরবর্তী খেলাগুলোতে পর্যাপ্ত পানি সরবরাহ নিশ্চিত করতে বৃটিশ দল ফিফা’র কাছে আবেদন জানাতে যাচ্ছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2006, 08:09 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

প্যারাগুয়ের বিরুদ্ধে ১-০ গোলের কষ্টসাধ্য জয় ছিনিয়ে আনতে বেকহ্যাম, ওয়েন, ল্যাম্পার্ডের  দলের প্রত্যেককে গড়ে ৫ থেকে ১০ পাউন্ড ওজন হারাতে হয়েছে এবং খেলা চলাকালে তাদেরকে প্রচুর পরিমানে পানি পান করতে হয়েছে।

বিশ্বকাপে বৃটিশ ফুটবল দলের মুখপাত্র এড্রিয়ান বেভিংটন জানান, যেখানে ২০ লিটার পানিতেই কাজ হয়ে যাওয়ার কথা, সেখানে খেলোয়াড়রা ৭০ লিটার পানি ব্যবহার করেছে। আর এই পানি সরবরাহ করতে গিয়েই তাদেরকে বেশ ঝক্কি পোহাতে হয়েছে।

বেভিংটন মনে করছেন,  খেলোয়াড়দের যখন এত  পরিমান পানি  দরকার হয়ে পড়েছে তখন পানি সরবরাহের একটি সুব্যবস্থা হওয়া দরকার। ম্যাচ রেফারীদেরও প্রচন্ড তাপের মধ্যে খেলোয়াড়দের পানি পানের বিষয়টি খেয়াল রাখা উচিৎ।  গোলকিক, থ্রো ইন বা ফ্রিকিকের মধ্যে কয়েক সেকেন্ড পানি পান করার সুযোগ পেলে প্লেয়াররা উপকৃত হবে বলে তিনি মনে করেন।