২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন টোগোর কোচ অটো ফিস্টার

ফুটবল বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে আসা দেশ টোগো’র কোচ অটো ফিস্টার বেতন সংক্রান্ত জটিলতার কারনে শনিবার তার দায়িত্ব থেকে অব্যহতি নিয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2006, 07:45 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

ফলে বাংলাদেশের লাখো ফুটবলপ্রেমীকে বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় দলের প্রাক্তন কোচ অটো ফিস্টারের উপস্থিতি উপভোগ করা থেকে বঞ্চিত হতে হচ্ছে।

টোগো জাতীয় দলের চিকিৎসক স্কুবার্ট জানান, অটো ফিস্টার তার দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে হোটেল ত্যাগ করেছেন। দলীয় কর্মকর্তারা এখন ফিস্টারকে বোঝানোর চেষ্টা করলেও ফিস্টারকে ফেরানো সম্ভব হবেনা বলেই তার ধারণা।

তবে আশু প্রয়োজন মেটাতে সহকারি কোচ টোগোর কডজোভি মাইয়িনা’কে ফিস্টারের স্থলাভিষিক্ত করা হয়েছে।

এদিকে টোগোর প্রতিটি খেলোয়াড় শুধুমাত্র বিশ্বকাপে অংশগ্রহণ বাবদ ১ লক্ষ ৫৫ হাজার ইউরো দাবী করেছে। তাছাড়া প্রতিটি জয়ের জন্য ৩০ হাজার ইউরো এবং প্রতিটি ড্রয়ের জন্য ১৫ হাজার ইউরো করে তারা দাবী করলেও পশ্চিম আফ্রিকার দরিদ্র দেশ টোগোর কর্তৃপক্ষ এই দাবীকে ‘অন্যায্য’ বলে অভিহিত করেছে।

এবছরের শুরুতে আফ্রিকান নেশনস কাপে বাজে পারফরমেন্সের পর টোগোর কোচ হিসেবে স্টিফেন কেশি’র স্থলাভিষিক্ত হন ফিস্টার।

ফিস্টার ইতোপূর্বে জায়ারে ও ঘানা-র জাতীয় দলের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৮ সালে বিশ্বকাপে অংশ নেয়া সৌদি আরবের কোচ হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। তবে মূল পর্বের আগেই তার সিদ্ধান্তের মধ্যে সৌদি যুবরাজের নাক গলানোকে মেনে না নেওয়ার কারনে ফিস্টারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

ফিস্টার ১৯৯৫ সালের মার্চ মাস থেকে ১৯৯৭ সালের অক্টোবর পর্যন্ত বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন।