শক্তিশালী মেক্সিকোর বিরুদ্ধে ভালো খেলা দেখাতে চায় ইরান
বিশ্বকাপ আসরে এশিয়ার চারটি দেশের মধ্যে প্রথম দেশ হিসেবে ইরান রোববার মেক্সিকোর বিরুদ্ধে মাঠে নামতে যাচ্ছে। ডি গ্র“পের প্রথম এ ম্যাচে ইরান তাদের শক্তিশালী প্রতিপক্ষ মেক্সিকোর বিরুদ্ধে ভালো খেলার আশা ব্যক্ত করেছে।
ইরানের তৃতীয় বিশ্বকাপ অভিযানে অপেক্ষাকৃত তরুণদের নিয়ে গঠিত এবারের দলটিই সবচেয়ে শক্তিশালী বলে মনে করছেন ইরানের অভিজ্ঞ স্ট্রাইকার আলী দাই। আত্মবিশ্বাসী দাই জানালেন, এবারের বিশ্বকাপের প্রথম খেলা থেকেই ভালো কিছু করার চেষ্টা করবে ইরান দল। প্রথম রাউন্ডের প্রতিটি খেলাকেই গুরুত্বের সাথে নিচ্ছে ইরান। দ্বিতীয় রাউন্ডে উঠাই ইরানের প্রথম লক্ষ্য। শেষ আট কোয়ার্টার ফাইনালিস্টদের মধ্যে আসার জন্যও ইরান আপ্রাণ চেষ্টা চালাবে বলে ৩৭ বছর বয়সী দাই জানান।
ইরান এর আগে ১৯৭৮ সাল ও ১৯৯৮ সালের বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণ করে। ১৯৯৮ এর আসরে তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপ ইতিহাসে তাদের একমাত্র জয় অর্জন করে।
তবে ইনজুরি সমস্যা ইরানের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরানের মধ্যভাগের খেলোয়াড় মেহদি মাহ্দাভিকিয়া এখনো পিঠের সমস্যায় ভুগছেন। গোড়ালির আঘাতের কারণে অপর ইরানি মিডফিল্ডার আলী কারিমির খেলার সম্ভাবনা অনিশ্চিত। আর ফেরিদুন জানদি তার ইনজুরির কারণে মেক্সিকোর বিরুদ্ধে মাঠে নামছেন না।
অপরদিকে ফিফা র্যাঙ্কিং এ পৃথিবীর চতুর্থ ফুটবল দল মেক্সিকো নুরেমবার্গে ইরানের বিরুদ্ধে খেলার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। দল হিসেবে মেক্সিকো যে আগের চেয়ে অনেক বেশি সুসংহত ও শক্তিশালী সেকথা তারা ইরানকে হারিয়েই প্রমাণ করতে চায়।
ইরানের বিরুদ্ধে মেক্সিকোর নির্ভরযোগ্য গোলরক্ষক অসওয়াল্ডো সানচেজের অনুপস্থিতি ইরানের বিপক্ষে ভালো ফলাফলের জন্য কোনো বাধা হয়ে দাঁড়াবে না বলে দলীয় খেলোয়াড়রা মনে করছেন। গোলরক্ষক অসওয়াল্ডো তার পিতার মৃত্যুর জন্য প্রথম খেলায় অংশ না নিতে পারলেও পরবর্তী খেলাগুলোতে অংশ নেবেন।
মেক্সিকোর মধ্যভাগের খেলোয়াড় পাভেল পারদো জানান, কনফেডারেশান কাপে ভালো ফলাফল করার পর থেকেই তারা আরো ভালো খেলার চেষ্টা চালিয়ে আসছেন। আশানুরূপ খেলতে পারলে মেক্সিকো এবারের বিশ্বকাপের ফাইনালেও উঠতে পারে বলে পাভেল মনে করছেন।
বিশ্বকাপের আঠারোতম এ আসরে এটা মেক্সিকোর ১২ তম অংশগ্রহণ। তবে গত তিনটি আসরেই মেক্সিকো প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে।
ইরানের বিপক্ষে মেক্সিকোর অধিনায়ক রাফায়েল মার্কেজ তার নির্ধারিত মধ্যমাঠ ছেড়ে রক্ষণভাগে নেমে আসতে পারেন। তবে মূল স্ট্রাইকারের দায়িত্ব পালন করবেন বর্তমান মেক্সিকোর সবচেয়ে দক্ষ খেলোয়াড় জারেড বোর্গেত্তি।
