২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের উদ্বেধনী ম্যাচ জিতেছে স্বাগতকরাই

প্রত্যাশামতোই বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি এবং স্বাগতিক জার্মানী অষ্টাদশ বিশ্বকাপ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নবাগত কোস্টারিকাকে ৪-২ গোলের ব্যবধানে হারিয়ে শিরোপা জয়ের পথে শুভ সূচনা করেছে। তবে খেলার চূড়ান্ত ফলাফল যা-ই হোক, কোস্টারিকা যে ছেড়ে কথা বলেনি, তার প্রমাণ ম্যাচের স্কোরলাইন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2006, 11:59 AM

Updated : 26 Apr 2022, 03:44 PM

বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের ঘন্টাখানেক পরে মিউনিখের আলিয়াঞ্জ এরেনা স্টেডিয়ামে প্রায় ৬০ হাজার দর্শক উদ্বোধনী ম্যাচটি উপভোগ করে। জার্মানী খেলার শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেললেও কোস্টারিকা ছিলো প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহারে তৎপর।

খেলার ছয় মিনিটেই ১৬ নম্বর জার্সিধারী ডিফেন্ডার ফিলিপ লামের দেওয়া চমৎকার গোলে এগিয়ে যায় জার্মানী। ডি বক্সের বাম প্রান্তে কোস্টারিকার একজন ডিফেন্ডারকে বডি ডজে ছিটকে ফেলে আচমকা নেওয়া জোরালো শটটি কোস্টারিকার জালে জড়িয়ে যেতেই উল্লাসে ফেটে পড়ে ৫৯ হাজার দর্শক (১-০)। বাম প্রান্ত ধরে উঠে আসা রক্ষণভাগের খেলোয়াড় লামের ডান পায়ের কোণাকুনি শটে করা গোলটি খেলায় একচেটিয়া জার্মান আধিপত্যের ইঙ্গিত দিলেও বিশ্বকাপে নবাগত কোস্টারিকার খেলোয়াড়দের মনে ছিলো অন্য প্রতিজ্ঞা। হতোদ্যম হয়ে না পড়ে পাল্টা আক্রমণে গোল শোধ দিতে তারা সময় নেয় মাত্র ছয় মিনিট।

দুর্দান্ত দলীয় বোঝাপড়ার সুফল পায় কোস্টারিকা বিশ্বকাপ বাছাই পর্বে দলের পক্ষে সর্বোচ্চ ১২ গোল করা ওয়ানচোপের বুদ্ধিদীপ্ত শটটি জার্মানীর জাল খুঁজে পেলে। খেলার ১২ মিনিটে মাঝমাঠের কাছাকাছি বল পেয়ে প্রায় আনমার্কড ওয়ানচোপে তীব্র গতিতে এগিয়ে যান। বিপদ আসন্ন বুঝে জার্মান কীপার লেম্যান এগিয়েও আসেন অনেকটা। আঠার মতো গায়ের সাথে লেগে থাকা দুই জার্মান খেলোয়াড়কে ট্যাকল করার সময় বা সুযোগ না দিয়ে ওয়ানচোপে অনেকটা দূর থেকে ঠাণ্ডা মাথায় গোলে শট নেন (১-১)।

তবে ঘরের মাঠে উজ্জীবিত আর লড়াকু বলে পরিচিত জার্মানী কোস্টারিকার আনন্দ পাঁচ মিনিটের বেশি স্থায়ী হতে দেয়নি। কোস্টারিকার সীমানায় ডান দিকের কর্নার পোস্টের বেশ খানিকটা ভেতর থেকে ঠিক গোল মুখে ক্রস ফেলেন শোয়াইনস্টাইগার। বল পড়ে দ্বিতীয় বারের কাছাকাছি দাঁড়িয়ে থাকা গত বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসের সামনে। কোস্টারিকার একজন ডিফেন্ডার ক্লোসের ঠিক পেছনে দাঁড়িয়ে থেকেও ঠেকাতে পারেননি ক্লোসেকে, মূলতঃ দুর্দান্ত হেডার হিসেবে পরিচিত এই স্ট্রাইকার ডান পায়ের শটে বল জালে জড়িয়ে দেন (২-১)।

প্রথমার্ধের খেলা ২-১ ব্যবধানেই শেষ হয়। বিরতির পর বল যথারীতি জার্মানদের পায়ে পায়েই ঘুরতে থাকে। এসময় তারা বেশ কয়েকটি ভালো আক্রমণ রচনা করলেও গোলের জন্য অপেক্ষা করতে হয় ১৬ মিনিট। এবারের টুর্নামেন্টের বয়স যখন ৬১ মিনিট, আবারো জ্বলে ওঠেন ক্লোসে। লামের ক্রসে তার ট্রেডমার্ক হেডটি কোস্টারিকান কীপারের গায়ে লেগে ফিরে এলে ফিরতি বলে আলতো শটে তিনি নিজের দ্বিতীয় ও জার্মানীর তৃতীয় গোলটি করেন (৩-১)। আটাশতম জন্মদিনটি উদযাপনের জন্য বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দেশের পক্ষে গোল করার চেয়ে ভালো আর কী তিনি আশা করতে পারতেন?

অধিকাংশ সময় জুড়ে কোস্টারিকার সীমানায় বল থাকলেও প্রাপ্ত অল্প কয়েকটি সুযোগের সদ্ব্যবহারে কোস্টারিকা ছিলো মরিয়া। খেলার ৭৩ মিনিটে ছোট্ট দেশের বড় তারকা ওয়ানচোপে বক্সের ভেতর জার্মান খেলোয়াড়দের বিশৃঙ্খলার সুযোগটি পূর্ণমাত্রায় কাজে লাগান। প্রায়শঃ আত্মবিশ্বাসহীন মনে হওয়া জার্মান কীপার লেম্যানের বাম পাশ ঘেঁষে তার শটটি সঠিক ঠিকানায় পৌঁছে যায় (৩-২)।

একেবারে অন্তিম পর্যায়ে, নির্ধারিত সময়ের খেলা শেষ হতে যখন আর মাত্র মিনিট তিনেক বাকি, জার্মানীর মধ্যমাঠের খেলোয়াড় এবং নিয়মিত অধিনায়ক মাইকেল বালাকের ইনজুরিজনিত অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পালনকারী টর্স্টেন ফ্রিংস প্রায় ২৫ মিটার দূর থেকে হঠাৎ তীব্র শটে কোস্টারিকান ডিফেন্সকে বোকা বানান (৪-১)। গোলরক্ষক হোসে পোরাস বলের ফ্লাইট বুঝে বাম দিকে ঝাঁপিয়ে পড়েও শেষ রক্ষা করতে পারেননি।