পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি ১০০ বছর পর চ্যালেঞ্জ করে আদালতে রীট, পাহাড়ে উদ্বেগ
প্রায় ১০০ বছর পর পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি, ১৯০০ চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রীট হয়েছে। এ রীট আবেদনের শুনানীর পর শিগগিরই আদালত রায় দেবেন।
এদিকে এ খবর পাহাড়ে ছড়িয়ে পড়লে নানা মহলে দেখা দিয়েছে তুমুল উদ্বেগ, উৎকন্ঠা। আদিবাসী পাহাড়ি নেতারা বলছেন, আদালত ওই শাসনবিধি স্থগিত বা বাতিল করলে পার্বত্যাঞ্চলের ইতিহাসই বদলে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে পাহাড়িদের ভূমি, জীবিকা, জীবন ও সংস্কৃতি হুমকির মুখে পড়বে।
খোঁজ নিয়ে জানা যায়, পার্বত্য জেলা রাঙ্গামাটির জনৈক এসপি মারমা সম্প্রতি পার্বত্য চট্টগ্রাম শাসন বিধি, ১৯০০ এর বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রীট আবেদন করেন। আবেদনকারীর বিস্তারিত পরিচয় পাহাড়ের একাধিক স্থানীয় সূত্র নিশ্চিত করতে পারেনি। তবে সূত্র মতে, আবেদনকারীর নেপথ্যে একটি বিশেষ মহলের স্বার্থ থাকা বিচিত্র নয়।
জানা যায়, এই রীট আবেদনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দারবানের মং, চাকমা ও বোমাং রাজা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, হেডম্যান অ্যাসেসিয়েশন আইনমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে।
পাবর্ত্য চট্টগ্রাম উপমন্ত্রী মনিস্বপন দেওয়ানও সরকারের নানা মহলে তার উদ্বেগ প্রকাশ করেছেন। বিডিনিউজকে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি, ১৯০০ স্থগিত বা বাতিল করা হলে পাহাড়ে অরাজক পরিস্থিতির সৃষ্টি হবে। আদিবাসী পাহাড়িরা এই আইনের কোনো পরিবর্তনও মেনে নেবে না। এটি তাদের অস্তিত্ব রক্ষার কবজ হিসেবে যুগ যুগ ধরে কাজ করে আসছে।
জানা যায়, ১৯০০ সালে প্রণীত পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি অনুযায়ী, পাহাড়ে জমি কেনাবেচার অধিকার একমাত্র সেখানের স্থায়ী বাসিন্দাদের জন্যে সংরক্ষিত। পাহাড়ের জমি বন্দোবস্তি দেওয়ার ক্ষেত্রেও এই আইনে বহিরাগতদের জন্যে নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
এছাড়া ১৯৯৭ সালের ২ ডিসেম্বর স্বাক্ষরিত ঐতিহাসিক পার্বত্য শান্তিচুক্তির বিভিন্ন আইন এবং এসব আইনের ধারা--উপধারা ওই শাসনবিধি অনুসরণ করে প্রণীত হয়।
বাংলাদেশের পূর্ব দক্ষিণাঞ্চলে অবস্থিত পার্বত্য চট্টগ্রামের মোট আয়তন প্রায় ৫ লাখ ৯৩ বর্গ মাইল। সেখানে পাহাড়ি বাঙালি মিলিয়ে এখন আনুমানিক জনসংখ্যা প্রায় ১৫ লাখ। এর মধ্যে বাঙালিদের সংখ্যাই এখন বেশি।
