কুষ্টিয়ায় সাংবাদিকদের উপর হামলায় বিএনপি এমপিদের বিরুদ্ধে ইকবাল সোবাহান চৌধুরীর মামলা নেয়নি পুলিশ
কুষ্টিয়ার সাংবাদিকদের উপর হামলাকে কেন্দ্র করে হামলাকারীদের বিরুদ্ধে সাংবাদিক ইকবাল সোবাহান চৌধুরীর বাদী হয়ে এজাহার দিলে পুলিশ মামলা রেকর্ড করতে অস্বীকৃতি জানিয়েছে।
ক্ষমতাসীন দলের প্রভাবশালী দুই এমপিকে প্রধান আসামি করে এফআইআর করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি।
কুষ্টিয়ায় সাংবাদিকদের উপর সন্ত্রাসীদের হামলা ১১দিন অতিবাহিত হলেও পুলিশ এখনও অভিযুক্তদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
এদিকে সাংবাদিক শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (এসএসকেওপি) এ ব্যাপারে ১৪ জুনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যে সরকারকে আল্টিমেটাম দিয়েছে।
এই হামলায় আহত বাংলাদেশ অবজার্ভার সম্পাদক ও বিএফইউজের নেতা ইকবাল সোবাহান চৌধুরী কুষ্টিয়া থানার ওসি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজি) কে এফআইআরের কপি পাঠান।
দুই সংসদ সদস্য শহিদুল ইসলাম ও সৈয়দ মেহেদী আহমেদ রুমিসহ কমপক্ষে ১৬ জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে।
কুষ্টিয়া থানার ওসি কাজী আহসান হাবিব বলেন তারা ৭ জুন এফআইআরের কপি পেয়েছেন। “উচ্চ পর্যায়ের নির্দেশ পেলেই এই মামলা রেকর্ড করা হবে”, বলে তিনি জানান।
কুষ্টিয়ায় গত ২৯ মে র্যালিতে সাংবাদিকদের উপর বিএনপি’র সন্ত্রাসীদের হামলায় ইকবাল সোবাহানসহ কমপক্ষে ২৫ সাংবাদিক আহত হয়।
