২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটেনে হেরোইন পাচারের কথা অস্বীকার করেছেন বিডি ফুডস’র ম্যানেজার

বিডি ফুডস’র ম্যানেজার মাইনুদ্দীন ১৬৪ ধারার জবানবন্দিতে ব্রিটেনে হেরোইন পাচারের কথা অস্বীকার করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2006, 08:01 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

ঢাকার মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট ননী গোপাল বিশ্বাসের খাস কামরায় বুধবার জিজ্ঞাসাবাদকালে মাইনুদ্দিন জানান, যুক্তরাজ্যের দু’টি প্রতিষ্ঠানে তারা শুধু শাক--সবজি ও টাইলস রপ্তানি করেছে।

বিডি ফুডস’র চেয়ারম্যান বদরুদ্দোজা মোমিনের নির্দেশে ঢাকার ‘রাজ ট্রেডিং’ ও ডিস্টিলারি রোড, গেণ্ডারিয়ার একটি কোম্পানির মাধ্যমে চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়ে এ সমস্ত দ্রব্য লন্ডনে পাঠানো হতো বলে তিনি জানান।

দীর্ঘ ১২ দিন রিমান্ড শেষে তদন্তকারী কর্মকর্তা সিআইডি’র ইন্সপেক্টর নূরুল ইসলাম মাইনুদ্দীনকে ঢাকার সিএমএম আদালতে হাজির করেন।

এদিকে মতিঝিল থানার দায়েরকৃত মামলায় মাইনুদ্দীনের এই জবানবন্দি ১৬৪ ধারায় গ্রহণ করলেও তার নাম অভিযুক্তদের মধ্যে না থাকায় এটি ১৬৪ ধারার জবানবন্দি হিসেবে বিবেচনা করা যাবে না বলে জানিয়েছেন আইন বিশেষজ্ঞগণ।

উল্লেখ্য বিডি ফুডস’র চেয়ারম্যান বদরুদ্দোজা মোমিন সম্পর্কে মাইনুদ্দীনের মামা এবং ২০০১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত রয়েছে।