বাংলাদেশে ব্রিটিশ ওয়ার্কিং হলিডে ভিসা প্রদান স্থগিত
যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তর বুধবার বাংলাদেশীদের জন্য ওয়ার্কিং হলিডেমেকার’ ভিসা প্রদান কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ ভিসা প্রদান স্থগিত থাকবে।
ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশস্থ ব্রিটিশ হাইকমিশন হলিডেমেকার ভিসার আবেদন গ্রহণ করবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উল্লেখযোগ্য এবং নজিরবিহীন আবেদনের কারণে ভিসা কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।
ছয় মাস পর এ পরিস্থিতি পর্যালোচনা করা হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
বাংলাদেশস্থ ব্রিটিশ হাইকমিশনের এক কর্মকর্তা বিডিনিউজকে জানান, ওয়ার্কিং হলিডে মেকার কর্মসূচির আওতায় ভিসার আবেদন ২০০৪ সালের তুলনায় ২০০৫ সালে ১১৯ শতাংশ বৃদ্ধি পায়। এ বছরের শেষ পাঁচ মাসে ভিসার আবেদন গত বছরের তুলনায় অনেক বেশি।
তবে যারা বুধবারের আগে ওয়ার্কিং হলিডে ভিসার জন্য নির্ধারিত পরিমাণ অর্থ বাংলাদেশের যেকোনও ভিসা আবেদন সেন্টারে জমাদানসহ সকল প্রক্রিয়া সম্পন্ন করেছেন তাদের ভিসা প্রদান প্রক্রিয়া স্বাভাবিক থাকবে।
হলিডেমেকার আবেদনকারীদের মধ্যে যাদের ভিসা প্রদান প্রক্রিয়া স্থগিত ঘোষণার তারিখের পরে ইউকে টিবি মেডিক্যাল অ্যাপয়েন্টমেন্ট রয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম অ্যাপয়েন্টমেন্ট বাতিলের ব্যাপারে তাদের সাথে যোগাযোগ রক্ষা করবে।
স্থগিতের আদেশের পর যারা ভিসা পেতে চাইবেন তাদের ভিসার আবেদনের জন্য ইউকে টিবি মেডিক্যাল সর্টিফিকেটের প্রয়োজন হবে।
ওয়ার্কিং হলিডেমেকার ভিসার আবেদনকারীদের জন্য পরবর্তীতে ইউকে ভিসা আবেদন কেন্দ্র বা আইএমও ক্লিনিক ইউকে টিবি হেল্থ সার্টিফিকেটের জন্য নতুন করে কোনও আবেদন গ্রহণ করবে না।
ওয়ার্কিং হলিডেমেকার কর্মসূচির আওতায় কমনওয়েলথভুক্ত দেশের ১৭ থেকে ৩০ বছর বয়সী নাগরিকরা অবকাশ যাপনের উদ্দেশ্যে সর্বোচ্চ দুই বছর যুক্তরাজ্যে অবস্থানের অনুমতি পান। এ সময়ের মধ্যে তারা সেখানে কাজ করতে পারেন, তবে কাজ করাটা মুখ্য উদ্দেশ্য হিসেবে বিবেচিত হয় না। এ ভিসার আওতায় যুক্তরাজ্যে অবস্থানকারীরা সর্বোচ্চ ১২ মাস কাজ করার সুযোগ পান।
