রাজশাহী ও ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬, আহত ৯
রাজশাহী এবং ঠাকুরগাঁওয়ে বুধবার পৃথক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ছয়জন নিহত ও আরো নয়জন আহত হয়েছে। নিহতরা হলো- শাহাদাত হোসেন (৪৫), আনোয়ার হোসেন (৩৭) ও খাদিজা বেগম (৩৫)। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া যায়নি।
বিডিনিউজ রাজশাহী প্রতিনিধি জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে কাজলা নামক স্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এর একটি বাস অপর একটি সিএনজি টেম্পুকে পিছন দিক থেকে ধাক্কা দিলে খাদিজা বেগমসহ চারজন নিহত এবং সাতজন আহত হয়।
নিহতদের মধ্যে তিনজনই মহিলা।
এদিকে এ ঘটনার প্রতিবাদে স্থানীয় জনতা ওই এলাকায় যান চলাচল বন্ধ করে দিলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে। এতে কমপক্ষে ৫০জন আহত হয়।
পরে মাতিহার এবং বোয়ালিয়া থানা পুলিশসহ দাঙ্গা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিডিনিউজ ঠাকুরগাঁও প্রতিনিধি জানায়, শহর থেকে তিন কিলোমিটার দুরে ঠাকুরগাঁও - বালিয়াডাঙ্গী সড়কে একটি মিশুককে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা দিলে শাহাদত হোসেন ও আনোয়ার হোসেন নামের দুজন নিহত হয়। এতে আহত হয় আরো দুজন।
পুলিশ ঘাতক ট্রাকটি আটক করলেও ট্রাকের চালক পালিয়ে যেতে সক্ষম হয়।
