সারা দেশে ৭০ হাজার সৌরবিদ্যুৎ স্থাপনে অর্থায়ন করেছে ইডকল
ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) সারা দেশে এ পর্যন্ত ৭০ হাজার সোলার হোম সিস্টেম (এসএইচএস) স্থাপনে অর্থায়ন করেছে। এসএইচএস সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে থাকে।
সারা দেশে ৭০ হাজার সৌরবিদ্যুৎ স্থাপনের সাফল্য উদযাপন উপলক্ষ্যে বুধবার ইডকল রাজধানীর ইউটিসি সভাকক্ষে এক কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে ইডকল ২০১৫ সালের মধ্যে সারা দেশে এক লাখ সৌরবিদ্যুৎ স্থাপনের অঙ্গীকার ব্যক্ত করেছে।
ইডকলের এ কর্মসূচিতে বক্তব্য রাখেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আনোয়ারুল কবির এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ও আইডিসিওএল’র চেয়ারম্যান ইসমাইল জাবিউল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, দেশে প্রতিবছর ১০ শতাংশ হারে বিদ্যুতের চাহিদা বাড়ছে। বর্ধিত এ চাহিদা মেটাতে সরকার প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছে।
প্রতিমন্ত্রী বিকল্প উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটানোর ক্ষেত্রে ইডকলের এ প্রচেষ্টাকে স্বাগত জানান।
ইডকল এ পর্যন্ত সৌরবিদ্যুৎ স্থাপনে ৩০ টি এনজিও এবং ক্ষুদ্র ঋণদান প্রতিষ্ঠানকে (এমএফআই) অর্থায়ন করেছে।
