২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ দিন যাবত ডিইপিজেড বন্ধ, এলাকায় রেড এলার্ট জারি: সংঘর্ষে ২০ জন আহত

ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) এর বাইরের কারখানাগুলোর উৎপাদন পাঁচ দিন বন্ধ থাকার পর মঙ্গলবার চালু হলেও এর অভ্যন্তরের কারখানাগুলো মঙ্গলবারেও বন্ধ ছিলো।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2006, 09:02 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

তবে ডিইপিজেড’র বিনিয়োগকারী উৎপাদন বন্ধ রাখলেও, কোন কোন কারখানায় শ্রমিকদের পাওনা পরিশোধ করতে দেখা যায়। নিরাপত্তার কর্মীরা ডিইপিজেড এলাকায় রেড এলার্ট জারি করেছে বলে সূত্র জানায়।

ডিইপিজেড’র বাইরে পরিস্থিতি শান্ত এবং কারখানা গুলোতে সন্তোষজনক উৎপাদন হলেও সূত্র জানায়, শ্রমিকরা মঙ্গলবার একটি কারখানায় ভাংচুর চালিয়েছে।

সূত্র আরও জানায়, কারখানা এলাকাগুলোর বিভিন্ন পয়েন্টে উল্লেখযোগ্য সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। দিনভর তাদের ডিইপিইজেড ও এর আশে পাশের এলাকায় টহল দিতে দেখা যায়। তবে ডিইপিজেড--এ উৎপাদন কাজ শুরু না হওয়ায় তার অভ্যান্তরের বিভিন্ন কারখানার শ্রমিকরা কিছুটা হলেও উদ্বেগে ছিল।

শ্রমিকরা জানায়, মুদি দোকানের পাওনা পরিশোধ করতে না পারায় দোকানীদের সাথে তাদের সংঘর্ষের সম্ভাবনা দেখা দিয়েছে।

সূত্র জানায়, ওসিন গার্মেন্টস কারখানার পরিস্থিতি সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে। সেখানে উত্তেজিত শ্রমিকদের উপর পুলিশ লাঠিচার্জ করলে দুই মহিলা শ্রমিকসহ ২০ জন আহত হয়।

খালেদা নামের কারখানার এক শ্রমিক বলেন, আগের দিন রাতে একটি জরুরি শিপমেন্টের কথা বলে কর্তৃপক্ষ আমাদের রাত তিনটা পর্যন্ত কাজ করায়। মঙ্গলবার সকালে কারখানায় এসে তালাবদ্ধ দেখতে পাই এবং তা অনির্দিষ্ট কালের জন্যে বন্ধ করা হয়েছে বলে জানতে পাই। এ সময় কারখানার সামনে বিপুল সংখ্যক র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনীকে টহল দিতে দেখা যায়। উত্তেজিত শ্রমিকরা তখন কারখানার ভিতরে প্রবেশ করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। এসময় এক পুলিশ সানজিদা নামের এক মহিলা শ্রমিককে লাথি মারে। তখন মনিরা নামের আর এক শ্রমিক সানজিদাকে বাঁচাতে গেলে তার মাথায় আঘাত করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মনিরার মাথা দিয়ে রক্ত পড়ছিল কিন্তু তাকে কেউ উদ্ধার করতে যেতে পারেনি কারণ পুলিশ তাদের উপর বেধরক লাঠিচার্জ করছিল।

কারখানা কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের মধ্যে দিয়ে ওসিন গার্মেন্টেসের দুই হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছে। পরে র‌্যাব ও পুলিশের উপস্থিতিতে কারখানার মালিক ভারতীয় নাগরিক দিনেশ ও ড. ফজলুল হক ঘোষণা দেন বুধবার থেকে কারখানা চালু করা হবে এবং শ্রমিকদের দাবি দাওয়া মেনে নেওয়া হবে।

এদিকে বেপজার চেয়ারম্যান আশরাফ আব্দুল্লাহ ইউসুফসহ কয়েকজন প্রধান কর্মকর্তা ওই এলাকা পরিদর্শন করেন।