২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভর্তুকি বরাদ্দে জটিলতা দূর করতে কৃষি পণ্য থেকে কৃষি পণ্য প্রক্রিয়াকরণ খাতকে পৃথক করতে হবে: বাপা

ভর্তুকি বরাদ্দে জটিলতা দূর করতে কৃষি পণ্য থেকে কৃষি পণ্য প্রক্রিয়াকরণ খাতকে পৃথক করার ব্যাপারে বাংলাদেশ এগ্রো প্রসেসর অ্যাসোসিয়েশন (বাপা) সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2006, 07:02 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

রপ্তানি পণ্যের মান বজায় রেখে পরীক্ষার জন্যে বন্দরগুলোতে স্ক্যানিং যন্ত্র বসানোর জন্যেও তারা সরকারের প্রতি অনুরোধ জানায়।

বাপা সভাপতি মেজর জেনারেল (অব.) আমজাদ হোসেন খান মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি উত্থাপন করেন।

সরাসরি ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য রপ্তানির বর্তমান অবস্থা তুলে ধরে আমজাদ হোসেন খান বলেন, প্রক্রিয়াজাত কৃষিপণ্য খাত একটি প্রতিশ্র“তিশীল রপ্তানি খাত। এ খাতে নিয়োজিত ১২১টি প্রতিষ্ঠানের মধ্যে প্রায় ৬০টি প্রতিষ্ঠান শাকসব্জি, ফল ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য রপ্তানি করছে।

তিনি বলেন, ২০০৪--০৫ অর্থবছরে এ খাত ৪০০ কোটি টাকা আয় করে। ২০০১--০২ অর্থবছরে এ আয়ের পরিমাণ ছিল মাত্র ছয় কোটি টাকা। রপ্তানি বাড়ানোর লক্ষ্যে সরকার ২০০৫ সাল থেকে এ খাতে ভর্তুকি দিয়ে আসছে।

দুটি খাতকে আলাদা করা এবং আলাদা অর্থ বরাদ্দের ব্যাপারে মত প্রকাশ করে আমজাদ হোসেন খান জানান, কৃষি পণ্য খাত থেকে কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ খাতকে আলাদা না করে দুটি খাতে একসাথে বরাদ্দ দেওয়ার ফলে তারা বিভিন্ন ধরনের জটিলতার শিকার হচ্ছেন।

বাংলাদেশ ব্যাংকের সুপারিশ অনুযায়ী প্রক্রিয়াজাত কৃষিপণ্য খাতে প্রয়োজনীয় বরাদ্দ প্রদানের ব্যাপারেও এ খাতের রপ্তানিকারকরা দাবি জানান।

তারা বলেন, বর্তমানে বন্দরে প্রক্রিয়াজাত পণ্যের প্যাকেট খুলে পরীক্ষা করার কারণে অনেক সময় পণ্যের গুণগত মান নষ্ট হয় এবং পণ্যের ক্ষতি হয়ে থাকে। এতে করে বিদেশি ক্রেতারা অসন্তোষ প্রকাশ করে থাকেন। রপ্তানিকারকরা পণ্যের মান পরীক্ষার জন্যে বন্দরে স্ক্যানিং যন্ত্র স্থাপনের দাবি জানান।

এক প্রশ্নের জবাবে বাপা সভাপতি স্বীকার করেন, বিডি ফুডসের হেরোইন পাচারের ঘটনার কারণে তারা বিভিন্ন ধরনের হয়রানির শিকার হচ্ছেন।