২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধ করা সংক্রান্ত বিদ্যুত বিভাগের প্রস্তাব দোকান মালিকদের প্রত্যাখান

বিদ্যুত সঙ্কট উত্তরণে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধ করার ব্যাপারে বিদ্যুত বিভাগের প্রস্তাব ঢাকা মহানগর দোকান মালিক সমিতি সোমবার প্রত্যাখান করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2006, 10:26 AM

Updated : 26 Apr 2022, 03:43 PM

বিদ্যুত প্রতিমন্ত্রী আনোয়ারুল কবির তালুকদার দোকান মালিক সমিতি নেতৃবৃন্দের সাথে এক বৈঠকে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধ করার পরামর্শ দেন।

কিন্তু দোকান মালিকরা দিনে এক বা দুই ঘন্টা লো শেডিং মানলেও সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধ করতে পারবে না বলে জানিয়েছে। তারা প্রতিমন্ত্রীকে রাত ৮টা পর্যন্ত নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ করার জন্য অনুরোধ জানান।

প্রতিমন্ত্রী বলেন, লোড ম্যানেজমেন্ট পরিকল্পনা অনুযায়ী যথাক্রমে ৩,০০০, ৩,২০০, ৩,৪০০ মেগাওয়াট বিদ্যুত উৎপাদন হলে ঢাকা নগরী যথাক্রমে ১১০০, ১২০০ ও ১৩০০ মেগাওয়াট বিদ্যুত পাবে। যদিও পিক - আওয়ারে ঢাকায় বিদ্যুতের চাহিদা ১৮০০ মেগাওয়াট।

তিনি আরো বলেন, আমরা যদি আরো বিদ্যুত উৎপাদন করতে পারি তাহলে এ মহানগরী আরো বিদ্যুত পাবে।

দোকান মালিক সমিতির সভাপতি হেলালউদ্দিন ডেসা ও ডেসকোর সেবার মান খুবই খারাপ বলে বৈঠকে উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী আগামী ১০ দিনের মধ্যে ডেসাকে তাদের সেবার মান উন্নয়নের জন্য নির্দেশ দেন।