৫ দিনে আটক ৫,০০০; আ.লীগের দাবি ঢাকা অবরোধ কর্মসূচি বানচাল করতে সরকারি ষড়যন্ত্র চলছে
প্রধান বিরোধী দল আওয়ামী লীগ সোমবার অভিযোগ করে বলেছে, ১১ জুনের ঢাকা অবরোধ কর্মসূচি বানচাল করতে সরকার নগরীর বিভিন্ন স্থান থেকে বিরোধী দলের নেতাকর্মীদের আটক করছে।
যদিও পুলিশ আওয়ামী লীগের অভিযোগ বাতিল করে দিয়ে বলেছে, নিয়মিত কাজের অংশ হিসেবেই তারা আটক অভিযান চালাচ্ছে।
একটি সূত্র জানায়, পুলিশ নগরীর শ্যামপুর, মগবাজার, ধানমন্ডি, পুরোনো ঢাকা, মিরপুর ও তেজগাঁওসহ নগরীর বিভিন্ন স্থান থেকে পাঁচ হাজারেরও বেশি লোককে আটক করেছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানায়, নগরীর বিভিন্ন থানায় গত ২৪ ঘন্টায় কমপক্ষে ২৯২ জনকে আটক করা হয়েছে।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, সরকারের ষড়যন্ত্রের অংশ হিসেবে ব্লক রেইডের নামে পুলিশ বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে।
তিনি সরকারের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে গণগ্রেপ্তার বন্ধ করা না হলে যে কোনো পরিস্থিতির দায়ভার সরকারকেই বহন করতে হবে।
এছাড়া আওয়ামী যুবলীগ ও জাতীয় শ্রমিক লীগ নেতৃবৃন্দ গণগ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন।
বিডিনিউজের সাথে আলাপকালে ডিএমপি কমিশনার এসএম মিজানুর রহমান গণগ্রেপ্তারের অভিযোগ উড়িয়ে দেন।
তিনি বলেন, রাজধানীতে এখনো কোনো ব্লক রেইড চালানো হয়নি এবং পুলিশ রাজনৈতিক কোনো নেতাকর্মীকে গ্রেপ্তার করছে না।
