স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে ৩টি মামলা বরিশাল দ্রুত বিচার ট্রাইবুনালে প্রেরণ
বরিশালে যুবলীগ ও ছাত্রলীগের ৪০ জন নেতা কর্মীর বিরুদ্ধে জোট সরকারের আমলে দায়ের করা তিনটি রাজনৈতিক মামলা স্বরাষ্ট্রমন্ত্রণালয় বুধবার বরিশাল দ্রুত বিচার ট্রাইবুনালে পাঠিয়েছে।
স্থানীয় আওয়ামী লীগ মামলা তিনটিকে রাজনৈতিক হিসেবে দাবি করে বলেছে, জোট সরকার খোলা মাঠে গোল দেওয়ার জন্য এই ফন্দি করেছে।
জেলা প্রশাসন সূত্র জানায়, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র এ্যাডভোকেট মজিবর রহমান সারোয়ার এমপি বাদি হয়ে ২০০১ সালে মামলা দায়ের করেন যার পটভূমি ছিল ১৯৯৮ সালের।
আওয়ামী লীগের শাসনামলে ওই বছর বরিশাল মেয়রের মালিকানাধীন একটি কারখানায় যুবলীগ ও ছাত্রলীগ হামলা চালিয়ে ভাংচুর করে। এব্যাপারে ২০০২ সালের ৮ জুন মেয়র বাদি হয়ে সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
২০০১ সালের ১৪ জুলাই নগরীর বিসিক শিল্প এলাকায় দুবৃত্তদের হাতে যুবদলকর্মী রাহাত খান নিহত হন। এব্যাপারে রাহাতের পিতা ২৪ জন যুবলীগ ও ছাত্রলীগ নেতা কর্মীর বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা করেন।
২০০৫ সালের ২৪ ফেব্রুয়ারি শ্রমিক দল কর্মী মেহেদী হাসান মিলনকে দুবৃত্তরা এলোপাথারীভাবে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের মা বাদি হয়ে মামলা দায়ের করলে কোতয়ালী থানা পুলিশ ১০ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।
চার্জশিটভুক্ত আসামীরা হলো, জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক রফিকুল ইসলাম খোকন ওরফে মামা খোকন, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও বাকসুর ভিপি জসিম উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শফিউল্লাহ মোনায়েম, যুবলীগ নেতা ফারুক ওরফে পানামা ফারুক। অপর আসামিরাও ছাত্রলীগের নেতা কর্মী।
বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যড. তালুকদার মো. ইউনুস বলেন, এই মামলার কারণে আসামিরা সাড়ে চার বছর ধরে বরিশালের বাইরে আত্মগোপন করে রয়েছে। বিএনপি ক্যাডারদের ভয়ে বরিশালে এসে জামিন নিতেও পারছেনা তারা।
তিনি আরও অভিযোগ করেন, যুবলীগ নেতা কর্মীরা যখন জামিন নেয়ার চেষ্টা করে তখনই স্বরাষ্ট্রমন্ত্রণালয় মামলাগুলো বরিশালে প্রেরণ করেছে। জোটসরকারের মূল লক্ষ্য হলো যুবলীগ নেতা কর্মীরা যেন আওয়ামী লীগের পক্ষে প্রচারণা চালাতে না পারে।
বরিশাল দ্রুত বিচার ট্রাইবুনালের স্পেশাল পিপি এ্যাড. মুজিবুর রহমান নান্টু এ অভিযোগ অস্বীকার বলেন, দ্রুত নিষ্পত্তির জন্য স্বরাষ্ট্রমন্ত্রণালয় বরিশালে মামলাগুলো পাঠিয়েছে।
