২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যার হুমকি অভিযোগ এনে মীর্জা আব্বাসের বিরুদ্ধে বৈশাখী টিভির পরিচালক বুলুর মামলা দায়ের

শেয়ারের টাকা ফেরত না দিয়ে প্রান নাশের হুমকি দেওয়ায় বেসরকারি টিভি চ্যানেল বৈশাখীর পরিচালক এমএনএইচ বুলু পূর্তমন্ত্রী মীর্জা আব্বাসসহ অন্য এক জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2006, 08:50 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

মঙ্গলবার ঢাকা সিএমএম আদালতে এই মামলা দায়ের করা হয়। মামলার আরজিতে বলা হয়, টিভি মিডিয়ার পরিচালনাসহ অন্যান্য কয়েকটি কারণে অভিযুক্তদের সাথে বাদির মতোবিরোধ দেখা দেয়। বিরোধ এড়াতে বাদি মিডিয়া থেকে তার শেয়ার প্রত্যাহারের সিদ্ধান্ত নিলে বিবাদি তাকে তার শেয়ার এবং কোন টাকা ফেরত না দেওয়ার এবং তা চাইলে হত্যা করা হবে বলে হুমকি দেয়।

এতে আরও বলা হয়, পূর্তমন্ত্রী মীর্জা আব্বাস তার প্রশাসনিক দায়িত্ব অপব্যবহার করে বাদির বিএনএস এবং গুলশানের বাড়ি ভেঙ্গে ফেলার নোটিশ দেন এবং রাজউক কোনরকম পূর্ব নোটিশ ছাড়াই তার ‘বুলু ওসেন’ টাওয়ার নিচ তলা ভেঙ্গে ফেলে।

মামলা বলা হয় বুলু রাজউকের অনুমতি নিয়ে এবং সকল নিয়মের মধ্যে দিয়ে এই টাওয়ারের কাজ শুরু করেন। বাদি হাই কোর্টে একটি লিখিত আবেদন করলে হাইকোর্ট এই টাওয়ার ভাঙ্গার উপর নিষেধাজ্ঞা জারি করেছেন।

হাইকোর্ট গুলশান থানার ওসিকে এ ব্যাপারে তদন্ত করে ২৭ জুনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার জন্যে আদেশ দেন।

বাদি পক্ষে অ্যাডভোকেট তাপশ কুমার দত্ত এবং আব্দুস শুক্কুর খান মামলা পরিচালনা করেন।