কুষ্টিয়ার ‘আন্দোলনের বাজার’ পত্রিকায় সাংসদ শহীদুলের ক্যাডারদের হামলা, প্রকাশনা বন্ধ
কুষ্টিয়ায় সাংবাদিকদের ওপর বিএনপি ক্যাডারদের হামলার পর এবার স্থানীয় পত্রিকা ‘দৈনিক আন্দোলনের বাজার’ পত্রিকায় হামলা চালিয়ে প্রকাশনা বন্ধ করে দেওয়া হয়েছে।
পত্রিকা কর্তৃপক্ষ জানিয়েছে, সাংসদ শহীদুলের ক্যাডাররা মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় কুষ্টিয়া শহরের কেনী রোডে অবস্থিত আন্দোলনের বাজার পত্রিকার ছাপাখানায় হামলা করে মুদ্রনযন্ত্র থেকে প্লেট তুলে দুমড়ে মুচড়ে ফেলে এবং কাগজ ছিনিয়ে নিয়ে যায়। এ সময় পত্রিকার প্রকাশনা চলছিল।
এ সময় তারা ছাপাখানার সহকারী সার্কুলেশন ম্যানেজার শফিকুর রহমান শফিকে ধরে নিয়ে যায়। তাকে মারধর করে এক ঘন্টা পর ছেড়ে দেয়। হামলার কারণে মঙ্গলবার পত্রিকা প্রকাশ হয়নি।
পত্রিকা কর্তৃপক্ষ জানায়, সাংসদ শহীদুলের নানা অপকীর্তি তুলে ধরে আন্দোলনের বাজার পত্রিকাসহ কয়েকটি জাতীয় দৈনিক ধারাবাহিকভাবে রিপোর্ট প্রকাশ করে আসছে।
এ মাসের প্রথম সপ্তাহ থেকে সাংসদ শহীদুল এবং মেহেদী রুমি ওই পত্রিকা বন্ধ করে দেওয়া, জাতীয় দৈনিকগুলো কুষ্টিয়ায় আসতে দেওয়া হবে না এবং সাংবাদিকদের হত্যার হুমকি দিয়ে প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখছেন।
সোমবারের সাংবাদিকদের ওপর হামলার খবর জাতীয় দৈনিকে প্রকাশ করা হলে মঙ্গলবার কয়েকজন সাংবাদিকদের পরিবার পরিজনকে হত্যা করা হবে বলে তারা হুমকি দেওয়া হয়।
ইতোমধ্যে তাদের অত্যাচার নির্যাতনে স্থানীয় চারজন সাংবাদিক ২১ দিন ধরে ঢাকায় অবস্থান করছেন।
