কুষ্টিয়ায় সাংবাদিকদের সমাবেশে বিএনপি ক্যাডারদের হামলা: ইকবাল সোবহান চৌধুরীসহ আহত ২৫
কুষ্টিয়ায় স্থানীয় সাংসদের সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সোমবার সাংবাদিকদের আয়োজিত সমাবেশে বিএনপি ক্যাডাররা হামলা চালিয়েছে। এতে দৈনিক অবজারভারের সম্পাদক ও বিএফইউজে নেতা ইকবাল সোবহান চৌধুরীসহ কমপক্ষে ২৫ জন সাংবাদিক আহত হয়েছেন।
আহতদের মধ্যে আল মামুন সাগর, মুন্সী হারুনর রশিদ এবং মিজানুর রহমান ভিজার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আহতদের বেশ কয়েকজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যান্যদের ঢাকায় পাঠানো হয়েছে।
আহতদের মধ্যে সাংবাদিক নেতা ওমর ফারুক, ফরাজী আজমল হোসেন এবং কামাল চৌধুরীও রয়েছেন।
স্থানীয় একজন সাংবাদিক জানান, সমাবেশ ঘিরে নামমাত্র পুলিশ মোতায়েন করা হলেও বিএনপি ক্যাডারদের আধা ঘণ্টাব্যাপী বর্বরোচিত হামলার সময় পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা মঞ্চ ও সমাবেশে উপস্থিত জনতার দিকে এলোপাতাড়িভাবে ইটপাটকেল নিক্ষেপ এবং সাংবাদিকদের মোটরসাইকেল ভাংচুর করে। তারা সাংবাদিকদের ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
কুষ্টিয়ার দক্ষিণ - পশ্চিমের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে সমাবেশে যোগ দিতে আসা সাংবাদিকদের ওপর তারা চড়াও হয় এবং তাদের মারধোর করে।
ক্যাডাররা পিটিয়ে প্রবীণ সাংবাদিক মুন্সী হারুন ও আল মামুন সাগরের হাত - পা ভেঙে দেয় এবং ইকবাল সোবহান চৌধুরী মাথায় আঘাত পেয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
প্রত্যক্ষদর্শরীরা আরো জানান, বিএনপির অঙ্গসংগঠন যুবদল ও ছাত্রদলের কমপক্ষে ৫০ জন ক্যাডার এ হামলা চালিয়েছে। জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এএকে কোরাইশী তালালের নেতৃত্বে এ হামলা চালানো হয়।
আহত সাংবাদিকরা অভিযোগ করেন, স্থানীয় সাংসদ সৈয়দ মেহদী আহমেদ রুমি সমাবেশ স্থলেই পার্শ্ববর্তী বাসা থেকে হামলা চালানোর নির্দেশ দেন।
শহরের পাবলিক লাইব্রেরি চত্বরে বেলা ১১ টার দিকে সমাবেশ শুরু হয়। সমাবেশ শুরু হওয়ার পরপরই ক্যাডাররা বিএনপির জেলা কার্যালয় থেকে লাঠিসোঁটা, হকিস্টিক ও ইটপাটকেল নিয়ে এসে সমাবেশে হামলা চালায়।
স্থানীয় তিন সাংবাদিকের ওপর বিএনপির সাংসদ শহীদুল ইসলাম ও তার এক সহযোগীর দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়। দেশের দক্ষিণ - পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলার সাংবাদিকরা সমাবেশে যোগ দেন।
দৈনিক সমকাল, চ্যানেল ওয়ান ও বিডিনিউজের মুন্সী তরিকুল ইসলাম, এটিএন বাংলা ও দৈনিক যুগান্তরের আল মামুন সাগর এবং মানবজমিনের হাসান জাহিদের নামে মিথ্যা মামলাগুলো দায়ের করা হয়। মামলা ও অব্যাহত হুমকির কারণে তারা ১০ মে কুষ্টিয়া ছাড়তে বাধ্য হন। পরবর্তীতে তারা হাইকোর্ট থেকে জামিন লাভ করে ঢাকায় অবস্থান করেন। সাংসদ শহীদুল ইসলাম ও তার লোকজনের অব্যাহত হুমকির কারণে তারা কুষ্টিয়ার প্রবেশ করতে পারেননি।
স্থানীয় দৈনিক আন্দোলনের বাজারের সম্পাদক মঞ্জুর হাসান চৌধুরী সাংবাদিকদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহারের ব্যাপারে আন্দোলন শুরু করলে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। ফলে ১৩ মে মঞ্জুর হাসান চৌধুরীও কুষ্টিয়া ছাড়তে বাধ্য হন।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন ওই চার সাংবাদিককে নিয়ে সোমবারের প্রতিবাদ সমাবেশে যোগ দিতে কুষ্টিয়ায় যান। কুষ্টিয়া রিপোর্টার্স ইউনিটি এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশের এক পর্যায়ে চতুর্থ বক্তা হিসেবে বিএফইউজে নেতা সাইফুল ইসলাম তালুকদার বক্তব্য দিতে শুরু করেন। এ সময় বিএনপি’র ক্যাডাররা লাঠিসোঁটা নিয়ে সমাবেশের ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা ‘সাংবাদিকদের কালো হাত Ñ ভেঙে দাও, গুড়িয়ে দাও’ এ ধরনের স্লোগান দেয়।
তা-বলীলা চলাকালে বিএনপি ক্যাডাররা একের পর এক সাংবাদিকদের পিটিয়ে আহত করতে থাকে। এ সময় আয়োজকরা ইকবাল সোবহান চৌধুরীর মাথা ফেটে রক্ত পড়তে দেখে তাকে ঘটনাস্থল থেকে সরিয়ে পাবলিক লাইব্রেরির নিচ তলায় একটি কক্ষে নিয়ে যান।
ক্যাডাররা পাবলিক লাইব্রেরির ওই কক্ষটি লক্ষ করে বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে।
প্রায় এক ঘণ্টা ধরে তাদের এ বর্বরতা অব্যাহত থাকে। ঘণ্টাখানেক পরে সশস্ত্র পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হলে তাদের এ তা-বলীলা বন্ধ হয়।
সমাবেশ আয়োজনের তিন দিন আগে এক চিঠিতে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং স্থানীয় র্যাব কার্যালয়ে নিরাপত্তা নিশ্চিত করার জন্য অনুরোধ জানালেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেয়নি।
আহতদের একজন জানান, সমাবেশে মাত্র ১০ থেকে ১২ জন পুলিশ মোতায়েন করা হয়। হামলার সময় তারাও সাক্ষীগোপালের ভূমিকা পালন করেন।
তিরি আরো বলেন, ক্যাডারদের ছত্রভঙ্গ করতে পুলিশরা একটি টিয়ার শেলও নিক্ষেপ করেনি।
পরবর্তীতে সাংবাদিকরা কুষ্টিয়া শহরে প্রতিবাদ সমাবেশ করেন। মিছিল শেষে ঢাকা এবং দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের হয়রানির প্রতিবাদে সমাবেশও অনুষ্ঠিত হয়েছে।
