২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে প্রবল বর্ষণে ব্যাপক পাহাড় ধ্বস, জনজীবন ব্যাহত, ১ জনের মৃত্যু

পার্বত্য জেলা বান্দরবানে টানা পাঁচ দিনের অতি বর্ষণ ও পাহাড়ি ঢলে বিভিন্ন স্থানে পাহাড় ধ্বসে পড়েছে। পাহাড়ি ঢলে থানচি উপজেলায় মারা গেছে একজন। দুর্গম পাহাড়ে জনজীবন হয়ে পড়েছে বিপর্যস্ত।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2006, 04:06 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

স্থানীয় সূত্র জানায়, এছাড়া নাইক্ষ্যংছড়ি উপজেলায় মৎস্য চাষের বাঁধ ভেঙ্গে লক্ষাধিক টাকার মাছ ভেসে গেছে। প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে নদী ও পাহাড়ের তীরবর্তী জনবসতি এখন রয়েছে তীব্র ঝুঁকির মধ্যে।

খোঁজ নিয়ে জানা যায়, জেলায় ২৫ মে থেকে সোমবার পর্যন্ত টানা বর্ষণ হচ্ছে। অবিরাম বর্ষণ ও পাহাড়ি ঢলে সাঙ্গু, বাঁকখালী এবং মাতামুহুরী নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেড়েছে।  অবিরাম বর্ষণের কারণে রোয়াংছড়ি উপজেলার হ্লাপাইক্ষ্যংমুখ পাড়া, খানসামা পাড়া, সদর উপজেলার রেনিক্ষ্যং, কালাঘাটার বড়–য়া পাড়া, বাঘমারা, হলুদিয়া, কদুখোলা ও মাঝেরপাড়া, রুমা উপজেলা বগালেক এলাকা, থানচির জীবননগর, মদকসহ বিভিন্ন স্থানে পাহাড় ধ্বসে পড়েছে।

পাহাড়ি ঢলে শুক্রবার থানচি উপজেলায় নিঞাবুথ পাড়ায় ঝিরি পার হতে গিয়ে মং কিং ম্রো নামে একজন আদিবাসী মারা গেছে। এছাড়া কিংরাই ম্রোসহ আরো তিনজন আদিবাসী ঝিরি পার হতে গিয়ে তীরবর্তী পাথরে আঘাত খেয়ে আহত হয়।

এছাড়া নাইক্ষ্যংছড়ির আশারতলী ও ফুলতলীসহ কয়েকটি স্থানে অতি বর্ষণে মৎস্য চাষের বাঁধ ভেঙ্গে লক্ষাধিক টাকার মাছ পানিতে ভেসে গেছে বলে মালিক পক্ষ জানায়।