২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে শিশু কন্যাকে হত্যা করে এক মায়ের আত্মহত্যার চেষ্টা

রংপুর জেলা শহরে শুক্রবার এক মা তার সাড়ে তিন বছরের শিশুকন্যাকে শাড়ি দিয়ে পেচিয়ে হত্যা করে খাটের স্ট্যান্ডের সাথে তাকে ঝুলিয়ে রাখে এবং নিজেও ফ্যানের সাথে শাড়ি আটকিয়ে আত্মহত্যার চেষ্টা করে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2006, 08:17 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

শুক্রবার সকাল সাড়ে নয়টার রংপুরের মর্ডান মোড়স্থ পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের স্টাফ কোয়ার্টারে পল্লী বিদ্যুতের লাইন ম্যান আরিফুল ইসলামের স্ত্রী জুলেখা বেগম (২০) তার সাড়ে তিন বছরের শিশু কন্যা আয়েশা ইসলাম সিমুর গলায় শাড়ি পেচিয়ে হত্যা করে তাকে খাটের মশারী স্ট্যান্ডের সাথে ঝুলিয়ে রাখে। কন্যাকে মারার পর ঐ মহিলা নিজেও গলায় শাড়ি পেচিয়ে ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলে পড়ে।

সোয়া দশটার দিকে আরিফুল ঘরের দরজা বন্ধ দেখে তা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ওই দৃশ্য দেখে চিৎকার শুরু করে। তার চিৎকারে কোয়ার্টারের লোকজন ছুটে আসে। পরে স্ত্রী জুলেখাকে অজ্ঞান অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আরিফুল সাংবাদিকদের জানান, তার স্ত্রী মানসিকভাবে অসুস্থ। বদরগঞ্জে কর্মরত থাকা অবস্থায় একজন চিকিৎসককে দিয়ে চিকিৎসা করানো হয়েছে। তবে কেন এই হত্যা - এ সম্পর্কে তিনি কিছুই বলতে পারেননি।

এ ব্যাপারে হত্যা মামলা হয়েছে।