ব্রাজিল-ফ্রান্সের প্রেসিডেন্ট দুই দলকেই বিশ্বকাপ আসরের ফাইনালে দেখতে চান
জার্মানিতে আগামী মাসে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল ও ফ্রান্সের মধ্যে ফাইনাল ম্যাচ দেখতে চান ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা ও ফ্রান্সের প্রেসিডেন্ট জ্যাক শিরাক।
ব্রাসিলিয়ায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানান উভয় দেশের প্রেসিডেন্ট।
বৃহস্পতিবার ফ্রান্সের প্রেসিডেন্ট জ্যাক শিরাক ব্রাজিল সফরে গেলে দুই নেতা তিন ঘন্টার সভা শেষে সাংবাদিকদের জানান, এটা বলা কঠিন জার্মানিতে অনুষ্ঠেয় বিশ্বকাপ আসরের ফাইনালে কোন দু’টি দল উঠবে।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা বলেন, “যদিও আমরা আমাদের ইচ্ছাটি দলিল আকারে প্রকাশ করি নাই। তবে আমরা বিশ্বকাপ আসরে ব্রাজিল--ফ্রান্সের সম্ভাব্য ফাইনাল ম্যাচ নিয়ে আলোচনা করেছি।”
লুলা রসিগতা করে ফ্রান্সের প্রেসিডেন্টকে বলেন, ১৯৯৮ বিশ্বকাপ আসরে ব্রাজিলকে ৩-০ গোলে পরাজিত করে শিরোপা জয় করেছিল ফ্রান্স। এবার ব্রাজিলের পালা ফ্রান্সকে হারানোর।
তবে লুলার কথায় একমত না হয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট শিরাকও মজা করে বলেন, “ফুটবল হচ্ছে বহু অনিশ্চয়তার খেলা।”
ব্রাজিল ও ফ্রান্স আলাদা আলাদা গ্রুপে পরলেও দল দু’টি প্রথম ও দ্বিতীয় রাউন্ডের বাঁধা অতিক্রম করতে পারলে কোয়ার্টার--ফাইনালে দেখা হতে পারে এই দুই দলের।
