সাভারের পরিস্থিতি স্বাভাবিক, নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত, ২০ হাজার শ্রমিকের বেকার হয়ে যাওয়ার আশংকা
সাভারে গত তিন দিনের গার্মেন্টস শিল্পের শ্রমিক অসন্তোষের পর ওই এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।
বুধবার বড় ধরনের কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটলেও এলাকাবাসীর মধ্যে আতংক বিরাজ করে। তবে বৃহস্পতিবার থেকে ডিইপিজেডের দু’টি জোনে ৮৪টি ফ্যাক্টরীতে ৬৪ হাজার শ্রমিক কাজ শুরু করবে বলে সূত্র জানায়। তবে সাভারে প্রায় ২০ হাজার শ্রমিক বেকার হয়ে পড়ার আশংকার মধ্যে রয়েছে শ্রমিকরা।
সরেজমিন ঘুরে দেখা যায়, মঙ্গলবার রাতে নবীনগরের পলাশবাড়িরে কামাল টেক্সটাইল, আলোচিত শাহরিয়ার গার্মেন্টস, পাল গার্মেন্টসসহ চার পাঁচটি ফ্যাক্টরিতে হামলা ও ভাংচুর হয়। এ সময় শ্রমিকরা সড়কে চলাচলকারী ২০/২৫টি গাড়িও ভাংচুর করে।
এ ছাড়া বুধবার জামগড়ার ফ্যান্টাসি কিংডমের সামনে সহস্রাধিক শ্রমিক জড়ো হলে পুলিশ, বিডিআর ও র্যাব যৌথভাবে ধাওয়া করে তা ছত্র ভঙ্গ করে। দুপুর ২টায় সাভারের সাংসদ ডাঃ দেওয়ান মো. সালাউদ্দিনের ডাকা সভায় আসা কয়েকশ’ শ্রমিককে পুলিশ, র্যাব ও বিডিআর দ্বিতীয় দফা লাঠিচার্য চালায়। এসময় ৩০/৪০ জন শ্রমিক আহত হয়। পরে পুলিশের গাড়িতে মাইক লাগিয়ে এমপির সভা প্রত্যাহার করা হয়। পুলিশ, র্যাব ও বিডিআরের টহল গাড়িগুলো ১৫/২০ মিনিট পরপর পুরো সাভার এলাকায় সাইরেন বাজিয়ে টহল দিতে দেখা গেছে।
অন্যদিকে বুধবার মাথায় সবুজ হেলমেট, কালো টিশার্ট ও রকমারী প্যান্ট পড়ে হাতে লোহার রহ, বাসের লাঠি, পাইপসহ বিভিন্ন অস্ত্র নিয়ে চারশ থেকে পাঁচশ জনের একটি দল প্রায় দুই ঘন্টা ভাংচুর ও লুটপাট চালায়। দলটি টঙ্গী থেকে এসেছে বলে এলাকাবাসী ধারণা প্রকাশ করে।
সাভারের আতংকিত সকল পয়েন্টে আড়াই হাজার পুলিশ, চার শতাধিক র্যাব ও ১২ প্লাটুন বিডিআর মোতায়ন করা হয়। এ ছাড়া ফ্যাক্টরীগুলোর প্রধান ফটকের সামনেও পুলিশ, র্যাব ও বিডিআর কড়া প্রহরায় রয়েছে।
তবে বুধবার টঙ্গী--আশুলিয়া, নবীনগর--কালিয়াকৈর সড়কে দিনভর যানবাহন চলাচল স্বাভাবিক ছিল।
কড়া নিরাপত্তার কারণে শ্রমিকরা রাস্তায় নামতে সাহস না পেলেও সাংবাদিকদের জানায়, ভাংচুর ও লুটপাটের ঘটনা তারা ঘটায়নি। বহিরাগত শ্রমিক নামধারী সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে।
