এক দেশের কার্যক্রমে যেন অন্য দেশের ক্ষতি না হয়: সার্ক পরিবেশ মন্ত্রীদের বৈঠকে সাইফুর
ঢাকায় অনুষ্ঠিত সার্ক পরিবেশ মন্ত্রীদের সম্মেলনের উদ্বোধনকালে বুধবার অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান জোর দিয়ে বলেছেন, এক দেশের কোনও পদক্ষেপের কারণে এ অঞ্চলের অন্য দেশের যেন ক্ষতি না হয় তা নিশ্চিত করতে হবে।
আঞ্চলিক ফোরাম যে সিদ্ধান্ত নিয়েছে তা বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, আঞ্চলিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে এক দেশের কোনও কার্যক্রমের ফলে যেন একই অঞ্চলের অন্যান্য দেশগুলোর প্রতিবেশ এবং অর্থনীতি ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখা প্রয়োজন।
দক্ষিণ এশিয়ার উল্লেখযোগ্য অর্থনৈতিক বিকাশ ও প্রতিবেশ ও পরিবেশ রক্ষায় সার্ক দেশেগুলোর মধ্যে নিবিড় যোগাযোগ স্থাপনের ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।
বিশেষজ্ঞ কমিটির বৈঠকের পুনরাবৃত্তি করে তিনি একটি আঞ্চলিক পরিবেশ চুক্তি করা এবং ১৯৯৭ সালে গৃহীত সার্ক এনভায়রনমেন্ট অ্যাকশন প্ল্যান বাস্তবায়নের ওপর জোর দেন।
২০০৭ সালকে ‘সবুজ দক্ষিণ এশিয়া বর্ষ’ হিসেবে ঘোষণার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, জাতীয় দুর্যোগের ঘটনা কমিয়ে আনার জন্য অঞ্চলভিত্তিক বনায়ন প্রচারণা অনিবার্য।
উদ্বোধনী অধিবেশনের সভাপতি পরিবেশ ও বন মন্ত্রী তরিকুল ইসলাম আশা প্রকাশ করে বলেন, দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিবেশ বিপর্যয় রোধকল্পে এ বৈঠকে একটি সহযোগিতামূলক কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে।
উদ্বোধনী অধিবেশনে অন্যান্যের মধ্যে ভারতীয় পরিবেশ প্রতিমন্ত্রী ন্যামো নারিন মীনা, মালদ্বীপের পরিবেশ, জ্বালানি ও পানি বিষয়ক মন্ত্রী আহমেদ আবদুল্লাহ, শ্রীলঙ্কার পরিবেশ মন্ত্রী মৈথড্রিপালা সিরিসেনা এবং ভুটানের জাতীয় পরিবেশ কমিশনের মন্ত্রী দাশো নাদো রিনচেন বক্তব্য রাখেন।
সার্ক মহাসচিব লিওনপো চেনকায়েব দর্জি এবং বাংলাদেশের পরিবেশ ও বন প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীও অধিবেশনে বক্তব্য রাখেন।
সার্ক দেশের পরিবেশ মন্ত্রীরা বলেন, বন্যা, খরা, ঝড়, জলোচ্ছ্বাস, সুনামি এবং ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ দক্ষিণ এশিয়ার সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে বিশাল চ্যালেঞ্জ হয়ে আছে।
বিশ্বব্যাপী বায়ুম-লের উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্র স্তরের ওপরে উঠে যাওয়া এবং জলবায়ুর পরিবর্তনের কারণে জাতীয় দুর্যোগের বিষয়গুলো সাম্প্রতিক সময়ে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে বলেও তারা মতামত ব্যক্ত করেন।
