বিশ্বকাপে সহিংসতা ছড়াতে পারে নব্য নাৎসিরা
আগামী ৯ জুন থেকে শুরু হতে যাওয়া জার্মানি বিশ্বকাপ চলাকালে নব্য নাৎসিদের মাধ্যমে সন্ত্রাস ছড়িয়ে পড়তে পারে বলে বিশ্বকাপের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মীদের সতর্ক করে দেওয়া হয়েছে।
স্থানীয় পুলিশ কর্মকর্তাদের উদ্ধৃত করে দি মিরর পত্রিকার একটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৪ সাল থেকে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত নব্য নাৎসিদের সংখ্যা ৩০০ বেড়ে ৪১০০ তে দাঁড়িয়েছে। তবে কর্মকর্তারা ধারনা করছেন নব্য নাৎসি ছাড়াও অজ্ঞাত অপরাধীর সংখ্যা হবে প্রায় ১০৪০০।
জার্মান গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর এই ধরনের অপরাধীদের দ্বারা সংঘটিত অপরাধমূলক কর্মকান্ডের সংখ্যা ৭৭৬ থেকে বেড়ে ৯৫৮ টিতে দাঁড়িয়েছে। জার্মানিতে কালোদের ওপর হামলার ঘটনাও অহরহই ঘটছে।
মিরর পত্রিকার ওই প্রতিবেদনে জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ওলফগ্যাং শেউবল সব ধরনের সহিংসতা প্রতিরোধের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, কোন রকমের জঙ্গীবাদ, বর্ণবাদ কিংবা সেমিটিজম বিরোধী কাজকে প্রশ্রয় দেওয়া হবে না।
