নীলফামারী কারাগারে আসামীদের চাপ কমাতে মুক্তির সুপারিশ
আসামীদের চাপ কমাতে নীলফামারী জেলা কারাগার থেকে বেশ কিছু আসামীকে ছেড়ে দেয়ার সুপারিশ করেছে কারা পরিদর্শন কমিটি।
সূত্র জানায়, নীলফামারী জেলা কারাগারের চারটি সেলে ৪৩০ জন আসামী রয়েছে। অথচ এর ধারণ ক্ষমতা মাত্র ৯৪ জনের। ধারণ ক্ষমতার সাড়ে তিনগুণ আসামী নিয়ে কারাগারটি এখন মারাত্বক পরিবেশ বিপর্যয়ের মুখে। অপ্রশস্ত কারাগারের সেলে দিনের পর দিন গাদাগাদি করে থাকতে গিয়ে এরই মধ্যে অনেক আসামী আক্রান্ত হয়ে পড়েছে নানান জটিল রোগে।
জেলা কারা পরিদর্শন কমিটির সদস্য সোহেল পারভেজ বিডিনিউজকে জানান, পরিস্থিতি সামাল দিতে ৫৪ ধারায় বা অযাচিতভাবে যারা আটক রয়েছে তাদেরকে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সূত্র জানায়, ১৯১৫ সালে নীলফামারী জেলায় এই কারাগারটি স্থাপিত হয়। ১৯৯৫ সালে শহরের উপকন্ঠে ছয় একর জমির ওপর একটি নতুন কারাগার নির্মাণের কাজ শুরু করা হয়।
কিন্তু টাকার অভাবে এই নতুন কারাগারের নির্মাণ কাজ সমাপ্ত করা সম্ভব হয়নি।
গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোজাম্মেল হক বিডিনিউজকে জানান, প্রায় ১০ কোটি টাকা প্রাক্কলন ব্যয় ধরে ’৯৫-৯৬ অর্থ বছরে শুরু হয় নতুন কারাগারের কাজ। যথাসময়ে কাজ শেষ না হওয়ায় নির্মাণ খরচ বেড়ে যাওয়ায় প্রাক্কলন ব্যয় সংশোধন করে নতুন করে এক কোটি ৬৫ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। কিন্তু এ পর্যন্ত সর্বসাকুল্যে বরাদ্দ মিলেছে ২ কোটি ২৩ লাখ টাকা। আর তাই গত ১০ বছরে এই কাজের অগ্রগতি হয়েছে ২০ শতাংশ।
