২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

“বিদ্যুত খাতে ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রী দায়ী”

ইকবাল হাসান মাহমুদকে রোববার বিদ্যুত মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়ার পর বিশেষজ্ঞরা বলেছেন, বিদ্যুত খাতে সীমাহীন ব্যর্থতার দায় শুধু তার একার নয়, পুরো সরকারের। প্রধানমন্ত্রী খালেদা জিয়া এ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তাই তাকেও ব্যর্থতার দায়ভার নিতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2006, 07:24 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

সাবেক জ্বালানি ও বিদ্যুত প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, ইকবাল হাসান মাহমুদ কেবলমাত্র বিদ্যুত খাতকেই নয় পুরো জাতিকে আগামী তিন বছর মেয়াদী একটি বিপর্যয়ের মধ্যে ফেলে দিয়ে বিদায় নিলেন।

তিনি বলেন ‘ব্যর্থতাতো নতুন নয়। তা হলে প্রধানমন্ত্রী কেন তাকে তিন বছর আগে সরিয়ে দিলেন না? এই খাতের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে আজকের এই ব্যর্থতার দায় পুরোটাই প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার।’

আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক কর্ণেল (অবঃ) ফারুক খান এমপি বলেন, শুধুমাত্র জ্বালানি ও বিদ্যুত মন্ত্রণালয় নয়, জোট সরকারের সব মন্ত্রণালয় তথা পুরো সরকারই ব্যর্থ। শুধুমাত্র বিদ্যুত প্রতিমন্ত্রী নয়, ওই মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ পুরো মন্ত্রীসভা তথা সরকারেরই বদল দরকার।

তিনি বলেন, এই বিদ্যুত প্রতিমন্ত্রীর অনেক আগেই পদত্যাগ করা উচিত ছিল, কিন্তু তিনি তা করেননি। আর এখন শুধুমাত্র তাকে বদল করে জাতির কোনো লাভ হবে না। কারণ সরকারের পুরো ‘বডি’ই শেষ হয়ে গেছে। এখানে ‘ট্রান্সপ্লান্টের’ আর কোনো সুযোগ নেই।

ডেসার সাবেক চেয়ারম্যান এসটিএস মাহমুদ মনে করেন, ইকবাল হাসান মাহমুদকে ‘বলির পাঠা’ বানানো হয়েছে।

মাহমুদ বলেন, তিনি ছিলেন প্রতিমন্ত্রী। তার নিয়ন্ত্রক ছিলেন পূর্ণমন্ত্রী। তিনি যেই হোন না কেন, এই ব্যর্থতার দায় তার। কেননা কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা প্রতিমন্ত্রীর ছিল না।

তিনি বলেন, এটা সময় হারিয়ে সিদ্ধান্ত নেয়া। এই রদবদলের কোনো তাৎপর্য আছে বলে আমি মনে করি না।

পিডিবি এবং আরইবি’র সাবেক চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) এম এ মালেক বলেন, ‘দপ্তর বদল করে সমস্যার কোনো সমাধান হবে না। ধারাবাহিকতা না থাকার কারণেই আজকে বিদ্যুত খাতের এ সমস্যা। বিদ্যুত নিয়ে জাতির ভোগান্তির কেবল শুরু। দপ্তর অদল বদল করে বিদ্যুত সমস্যা যৎসামান্যও কাটানো যাবে না।’