২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের গুলিতে গাজীপুরের শ্রীপুরে স্যুয়েটার কারখানার শ্রমিক নিহত, আহত ৫০

গাজীপুর জেলার শ্রীপুরের মাওনা চান্নাপাড়া এলাকায়  ঢাকা - ময়মনসিংহ মহাসড়কে শনিবার দুপুরে একটি স্যুয়েটার কারখানার আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশ গুলিবর্ষণ করলে অজ্ঞাত এক শ্রমিক নিহত ও আরো অর্ধশতাধিক লোক আহত হয়।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2006, 09:20 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

এসময় বিক্ষুব্ধ কয়েকশ’ শ্রমিক এসকিউ গ্রুপের এফএস স্যুয়েটার ফ্যাক্টরিতে ব্যাপক ভাংচুর চালায়।

বিক্ষুব্ধ শ্রমিকরা দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকা - ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিনা উস্কানিতে শ্রমিক জনতার ওপর পুলিশের গুলি বর্ষণের প্রতিবাদে এলাকাবাসী ঘটনাস্থলের আশে পাশে ব্যাপক বিক্ষোভ করে।

কারাখানার বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, গত ১১ মে নায্য বেতন ভাতা, শ্রমিক নির্যাতন বন্ধসহ ১০ দফা দাবি তুললে কর্তৃপক্ষের সাথে তাদের বিরোধ দেখা দেয়। ওইদিন কারখানার নিটিং সেকশনের শ্রমিকদের সাথে কর্তৃপক্ষের বিরোধে কয়েকজন কর্মকর্তা লাঞ্ছিত হন।

ওই ঘটনায় পরিচালক মহিউদ্দিন আহমদ বাদি হয়ে শ্রীপুর থানায় তিন কর্মচারির নাম উল্লেখসহ ৭০/৮০ জনকে আসামী করে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা বৃহস্পতিবার রাতে মামলার দুই আসামী নিটিং অপারেটর আমিনুল ও মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত দু সহকর্মীর মুক্তি, মামলা প্রত্যাহার ও নির্যাতন বন্ধের দাবিতে শ্রমিকরা শনিবার সকালে কর্তৃপক্ষের সাথে কথা বলেন। এতে কোনো সমঝোতা না হলে সকাল থেকেই শ্রমিক কর্মচারিরা কাজে যোগ না দিয়ে কারখানার ভিতরে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ করে।

এদিকে কারখানা কর্তৃপক্ষের ডাকে বিপুল সংখ্যক পুলিশ সকাল থেকে কারখানার ভিতরে অবস্থান নেয়। দুপুর ১টায় মধ্যহ্নভোজের বিরতির সময় হাজারো শ্রমিক একসাথে হয়ে কারখানা থেকে বেরিয়ে ঢাকা - ময়মনসিংহ মহাসড়কে কিছু যাবাহন ভাংচুর করে। এসময় পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে।

এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশও শ্রমিকদের লক্ষ্য করে টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে।

পরে গাজীপুর পুলিশ লাইন ও বিভিন্ন থানা থেকে অতিরিক্ত পুলিশ আনা হয়।

আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশ শুধু আন্দোলনকারী শ্রমিকদেরই নয় আশেপাশের বাড়িতে ঢুকে নির্বিচারে মারধর করেছে।

পুলিশ - শ্রমিক ধাওয়া পাল্টা ধাওয়ায় গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

শ্রমিকদের অভিযোগ, দুপুর ২টার দিকে পরিস্থিতি কিছুটা শান্ত হলে পুলিশ বিনা উস্কানিতে কারখানা গেটের ভেতর থেকে গুলি ছোঁড়ে। এতে গেটের কাছে থাকা এক শ্রমিক পাজরে গুলিবিদ্ধ হয়। নিহত শ্রমিকের নাম জানা যায়নি। পুলিশ লাশ কারখানার গোডাউনের নিচতলায় ফেলে রাখে। রক্তক্ষরণে তার মৃত্যু হয়। পরে সন্ধ্যায় তার লাশ গাজীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

ঘটনার সময় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মফিজউদ্দিন ও শ্রীপুর থানার ওসি মাহবুবুল আলম উপস্থিত ছিলেন।

আহতদের স্থানীয় হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। 

শ্রমিকদের ছোঁড়া ইটপাটকেলে ৭/৮জন পুলিশ সদস্যও আহত হয়েছে।

আন্দোলনকারীরা পুলিশের একটি মোটর সাইকেল পুড়িয়ে দিয়েছে। সহিংসতা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।