২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্ক দেশগুলোর পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন শুরু: সরাসরি সড়ক ও বিমান যোগাযোগ প্রতিষ্ঠায় অগ্রাধিকার

সার্ক দেশগুলোর মধ্যে সরাসরি সড়ক ও বিমান যোগাযোগ প্রতিষ্ঠাকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পর্যটন নগরী কক্সবাজারে শনিবার থেকে শুরু হওয়া সার্ক দেশগুলোর পর্যটন মন্ত্রণালয় পর্যায়ের দুদিনব্যাপী সম্মেলনে এ বিষয়ে আলোচনা হয়।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2006, 05:10 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

সম্মেলন সূত্র জানিয়েছে, সদস্য দেশগুলোর প্রস্তাবের ভিত্তিতে শনিবারের সচিব পর্যায়ের বৈঠকে পর্যটন মন্ত্রীদের আলোচ্যসূচির খসড়া প্রণয়ন করা হয়েছে। এটি চূড়ান্ত করে রোববার পর্যটনমন্ত্রীদের শীর্ষ বৈঠকে উপস্থাপন করা হবে।

সার্ক দেশগুলোর সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তাদের সভার মধ্য দিয়ে স্থানীয় পাঁচ তারকা হোটেল সী--গালে সম্মেলন শুরু হয়। সার্কের মহাসচিব ভুটানের চেন কিয়াব দর্জি সকাল সাড়ে ৯টায় আনুষ্ঠানিকভাবে সম্মেলনের বৈঠক শুরু করেন। তিনি স্বাগতিক বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সহিদ আলমকে সভাপতিত্ব করার প্রস্তাব করলে অন্য সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা সমর্থন করেন।

রোববার দ্বিতীয় দিন সকাল সোয়া ১১টায় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সার্ক পর্যটন মন্ত্রীদের সম্মেলন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।

এর আগে ঢাকায় অনুষ্ঠিত ত্রয়োদশ সার্ক শীর্ষ সম্মেলনে চলতি বছরকে দক্ষিণ এশিয়ার পর্যটন বছর হিসেবে ঘোষণা করা হয়। এ সিদ্ধান্ত কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে পর্যটনমন্ত্রীরা একটি কর্মপরিকল্পনা তৈরি করবেন। এ লক্ষ্যে তৈরি করা খসড়া পরিকল্পনায় সার্ক দেশগুলোর মধ্যে সব ধরনের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিশেষ করে সড়ক ও বিমান যোগাযোগ স্থাপনের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কর্মকর্তা ও মন্ত্রী পর্যায়ের বৈঠকে প্রধানত যে সকল বিষয়ে আলোচনা হবে, সেগুলো হচ্ছে-- পর্যটন খাতের উন্নয়নে যৌথ উদ্যোগের বিনিয়োগ উৎসাহিত করা, এতে বেসরকারি খাতকে আরো সম্পৃক্ত করা, মানব সম্পদের উন্নয়ন, ইকো ট্যুরিজম বা পরিবেশ বান্ধব পর্যটন।

বাংলাদেশের প্রধান পর্যটন কেন্দ্র কক্সবাজারে এই সম্মেলন অনুষ্ঠানকে কেন্দ্র করে পর্যটন সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক উৎসাহ--উদ্দীপনার সৃষ্টি হয়েছে। এ উপলক্ষে স্থানীয় হোটেল--মোটেলগুলোকেও বর্ণিলভাবে সাজিয়েছেন।