সরকার, পার্লামেন্ট অকার্যকর করতে গিয়ে আওয়ামী লীগ নিজেই অকার্যকর হয়ে গেছে: মান্নান ভুঁইয়া
বিএনপি মহাসচিব এবং এলজিআরডি মন্ত্রী আব্দুল মান্নান ভুঁইয়া বলেছেন, উন্নয়নে বাধা এবং সরকার ও সংসদ অকার্যকর করার চেষ্টা করে আওয়ামী লীগ নিজেরাই অকার্যকর হয়ে গেছে।
শনিবার সকালে স্থানীয় মহিষাশুড়া স্ল্ইুস গেট বাজারে নরসিংদী শহর রক্ষা বাঁধ নির্মান প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন: জনগণের পক্ষে কাজ না করে আওয়ামী লীগ এখন জনগণকে ভয় পায়। তাই তারা নির্বাচন প্রক্রিয়ায় যেতে চায়না। ভোটার লিস্ট নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়।
“ভোটার লিস্টে ভুল থাকতে পারে বলেই তা প্রদর্শন করা হচ্ছে। এটা ফাইনাল লিস্ট না। এতে কারো নাম বাদ বা একাধিক হয়ে থাকলে তা প্রক্রিয়ার মাধ্যমে সঠিক করতে হবে,” বলেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, আমরা সঠিক ভোটার লিস্ট চাই। ভোটার লিস্ট সঠিক হলে নির্বাচন সুষ্ঠু হবে। আর সুষ্ঠু নির্বাচন হলে চারদলীয় জোটের জয়লাভের সম্ভাবনা বেশি।
তিনি বলেন: বিরোধীদল নির্বাচন কমিশন ও তত্ত্বাবধায়ক সরকার সংস্কারের দাবি করেছে। তারা সকলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করার দাবি জানায়। অথচ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ, নাসিম অথবা জিল্লুর রহমানকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করার জন্য বিএনপি প্রস্তাব করলে বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা বলবেন এটার মধ্যে ‘কিন্তু’ আছে।
“আলোচনার মাধ্যমে সংস্কার প্রস্তাবের মীমাংসা হতে পারে। নির্বাচনে কিভাবে কম টাকা খরচ করা যায়, নির্বাচনে মাস্তানদের কোন ভূমিকা না থাকে সে সংস্কার নিয়ে আলোচনা হতে পারে,” তিনি বলেন।
মান্নান ভুঁইয়া বলেন: বিরোধীদল আলোচনায় আসতে চাইলেও তাদের আসল অবস্থান হলো ‘বিচার মানি, তালগাছ আমার’। আলোচনায় আসবে তবে জামায়াতের সঙ্গে নয়। অথচ ’৯১ সালে জামায়াতকে সাথে নিয়ে তারা আন্দোলন করেছে। গলায় গলায় ভাব এখন নাজায়েজ হয়ে গেছে।
“রাজাকাররা আওয়ামী লীগের সাথে গেলে মুক্তিযোদ্ধা হয়ে যায় আর না গেলে রাজাকার হয়,” তিনি বলেন এবং উল্লেখ করেন, ফায়জুল হক ও সামসুল হককে তারা (আ. লীগ) মন্ত্রী পর্যন্ত বানিয়েছেন।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক শরীফ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খায়রুল কবির খোকন এমপি, রোকেয়া আহমেদ লাকী এমপি, নরসিংদীর জেলা প্রশাসক ফিরোজ সালাহউদ্দিন, পুলিশ সুপার মীর রেজাউল আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার এবং যুবদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি মিঞা মোহাম্মদ সেলিম।
