২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাভাবিক অবস্থায় ফিরেছে নেপাল

মাসব্যাপী গণতান্ত্রিক আন্দোলন, জ্বালাও পোড়াও বিক্ষোভ, গুলিবর্ষণ, রাজনৈতিক অচলাবস্থার পর নেপালে আবার স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে। নেপালের রাস্তাঘাট ও মার্কেটগুলো প্রাণচাঞ্চল্য দেখা গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2006, 04:49 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

প্রচুর জনসমাগম হচ্ছে এসব স্থানে, যাদের চেহারায় গণতন্ত্র পুনরুদ্ধারের আনন্দের ছাপ রয়েছে। এমনকি সেখানকার ছুটির দিনগুলোতেও সাধারণ জনগণ ব্যস্ত সময় কাটাচ্ছে।

নেপালের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত পুজা কুমারী বিডিনিউজকে বলেন, আন্দোলনের সময়গুলোতে আমরা আমাদের ভবিষ্যত নিয়ে প্রচন্ড চিন্তায় ছিলাম। সারা মাস জুড়ে টিয়ারগ্যাস এবং লাঠি চার্জ আমাদের নিত্যসঙ্গী ছিলো। কিন্তু এখন অবস্থা দিনে দিনে ভাল হচ্ছে।    

নেপালের অর্থনৈতিক ও বাণিজ্যিক ব্যবস্থায়ও গতি সঞ্চার হচ্ছে। বিশেষ করে ছোট দোকানদাররা, যারা আন্দোলনের সময় বাধ্য হয়ে দোকানপাট বন্ধ রেখেছিলো তারা স্বাভাবিকতা ফিরে আসায় খুবই আনন্দিত।

কাঠমান্ডুর পাটান ঢোকা রোডের মুদি দোকানদার সুরেশ কুমার বিডিনিউজকে বলেন, কঠিন একটা সময় পার করেছি আমরা। এ অবস্থা পুরোপুরি ঠিক হতে সময় লাগবে।

তিনি বলেন, গণতান্ত্রিক আন্দোলন বন্ধ করতে পুরো ২০ দিন রাজা জ্ঞানেন্দ্র বীর বিক্রম সাহ দেব কাঠমান্ডুর সবকিছু একরকম বন্ধ করে দিয়েছিলেন।

তিনি আরো বলেন, আমাদের মতো দোকানদারদের জন্যে বিষয়টি বেশ কষ্টের ছিলো। কারন ২০দিন চলার মতো জমানো টাকা আমাদের হাতে ছিলো না।

নেপালের অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম হাতিয়ার ট্যুরিজম সেক্টরের অবস্থাও ভালো হতে শুরু করেছে। স্থানীয় বিভিন্ন হোটেলের কর্তাব্যক্তিরা জানান, ব্যবসায়ী এবং টুরিস্টরা আবারো নেপালে আসতে শুরু করেছে। আন্দোলনের সময় অনেক আন্তর্জাতিক সভা সেমিনার স্থগিত করা হয়েছিলো। সেগুলো এখন আবার শুরু হচ্ছে।

স্থানীয় একটি হোটেলের গেস্ট রিলেশন অফিসার শীতল বানিয়া বলেন, নেপালকে নিরাপদ মনে করেই এখন আবার টুরিস্টরা আসতে শুরু করেছে। অথচ কিছুদিন আগেও বিভিন্ন দেশ তাদের নাগরিকদের নেপাল ভ্রমন করতে নিষেধ করেছিলো। তিনি বলেন, ওয়েস্টার্ন দেশগুলো থেকে টুরিস্টরা আবার আসতে শুরু করেছে। তারা এখানে বিভিন্ন সভা-সেমিনারও করছে।

নরওয়ে থেকে একটি সেমিনারে যোগ দিতে আসা নিতাশা বিডিনিউজকে বলেন, আমি নিজেকে এখানে মুক্ত এবং নিরাপদ মনে করছি। গত কয়েকদিন ধরে আমি নেপালের বিভিন্ন স্থানে গিয়েছি। কিন্তু কোথাও কোন ধরনের অসংলগ্নতা চোখে পড়েনি।

টুরিষ্টদের জন্য অত্যন্ত আকর্ষনীয় স্থান কাঠমান্ডুর পাটান দরবার স্কয়ারে প্রতিদিন প্রচুর ট্যুরিষ্ট এবং স্থানীয় জনগণের সমাগম হচ্ছে। 

পাটান দরবার স্কয়ার ইনফরমেশন সেন্টারের ক্লার্ক মোহোন লাল বিডিনিউজকে বলেন, গত মাসে কাঠমান্ডুতে তেমন কোন টুরিস্টই ছিলো না। তবে এখন তারা আবার আসতে শুরু করেছে।

স্বাভাবিক জীবন যাপনের অংশ হিসেবে নেপালিরা এখন রাতের বেলায় উৎসব আনন্দে মেতে উঠছে এবং মধ্য রাতেও তারা রাস্তা ঘাটে ঘোরাফেরা করছে।