২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা খাতে সবচেয়ে বেশি অর্থ লোপাট হয়: টিআইবির সচেতন নাগরিক কমিটির রিপোর্ট

অনিয়ম ও দুর্নীতির কারণে প্রতি বছর সরকারের সবচেয়ে বেশি অপচয় ও অর্থ লোপাট হয় শিক্ষা খাতে। টিআইবির চাঁপাইনবাবগঞ্জ শাখার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় দুর্নীতি বিষয়ক একটি রিপোর্ট কার্ড জরিপে এ তথ্য প্রকাশ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2006, 08:09 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

এই জরিপ প্রতিবেদন বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে প্রকাশ করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সচেতন নাগরিক কমিটির অফিস কক্ষে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে প্রথামিক ও মাধ্যমিক শিক্ষার উপর জরিপ প্রতিবেদন দুটি পাঠ করেন কমিটির আহ্বায়ক অ্যাড. সাইফুল ইসলাম রেজা এবং নসম মাহবুবুর রাহমান মিন্টু। উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার একরামুল হক, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা বর্মণ। সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন টিআইবির সহ কর্মসূচি কর্মকর্তা (গবেষণা) তানভির মাহমুদ এবং মাহমুদ হাসান তালুকদার।

জরিপ রিপোর্টে উল্লেখ করা হয়, প্রাথমিক বিদ্যালয়সমূহের শিক্ষকরা বিভিন্ন অজুহাতে শতকরা ৯৮ দশমিক ৯ ভাগ ছাত্র--ছাত্রীর কাছ থেকে চাঁদা আদায় করছেন। এ সবের ৯০ ভাগেরই কোনো রশিদ প্রদান করা হয় না।

পাশাপাশি প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ  অবৈতনিক হওয়া সত্ত্বেও শির্ক্ষার্থীদের কাছ থেকে ভর্তি ফি, মাসিক বেতন, পরীক্ষার ফি, বিনামূল্যের সরকারি বইয়ের মূল্য, বার্ষিক ক্রীড়া ও মিলাদের নামে চাঁদা এবং উপ-বৃত্তির জন্যে চাঁদা আদায়সহ বিভিন্ন অনিয়ম দুর্নীতি উঠে এসেছে এই জরিপ প্রতিবেদনে।

মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সম্পর্কে প্রতিবেদনে বলা হয়, এখানে যে শিক্ষার্থীরা বিদ্যালয়ের শিক্ষকদের কাছে প্রাইভেট পড়ে না, তাদের কম নম্বর প্রদান, ছাত্রী উপবৃত্তি কম দেওয়া, ছাত্রী শিক্ষা অবৈতনিক হওয়া সত্ত্বেও তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের বার্ষিক ফি আদায় এবং এসএসসির ফরম পূরণে বোর্ডের ফি-র অতিরিক্ত ফি আদায়সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি হয়ে থাকে।

প্রথমিক ও মাধ্যমিক শিক্ষাকে দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে টিআইবি ও সচেতন নাগরিক কমিটি যথাক্রমে পাঁচ দফা ও ১৯ দফা সুপারিশ প্রদান করেছে।

এদিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রিপোর্টে উল্লেখিত উপবৃত্তির আওতায় আসতে ঘুষ প্রদান ও উপবৃত্তির টাকা কম প্রদান এবং  জেলা শিক্ষা অফিসার রিপোর্টে উল্লেখিত ছাত্রীদের কাছ থেকে বিভিন্ন ফি ও ফরম পূরণে অতিরিক্ত ফি আদায় প্রসঙ্গে আপত্তি উত্থাপন করেন। উভয়ের আপত্তি জরিপ প্রতিবেদনের সঙ্গে সংযোজিত করা হয়।