৯/১১ এর মতো শত্রুবিমান মনে করায় বিবি ফ্লাইটকে নিউইয়র্কে নামতে দেওয়া হয়নি: ফকরুল
বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী ফকরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার বলেছেন, ৯/১১ এর মতো শত্রুবিমান হিসেবে সন্দেহ করায় বাংলাদেশ বিমানের (বিবি) ফ্লাইটকে নিউইয়র্কের মাটিতে অবতরণ করার অনুমতি দেয়নি মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অথরিটি (এফএফএ)।
পিআইডি মিলনায়তনে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী জানান, এএফএফ’র কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের জন্যে এরই মধ্যে তারা মার্কিন আইনজীবীদের সাথে আলোচনা করেছেন। তবে ক্ষতিপূরণের পরিমাণ এখনো নির্ধারিত হয়নি।
বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, ঢাকা - নিউইয়র্কের মধ্যে সরাসরি বিমান চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ওই রুটে বাংলাদেশ বিমানের প্রতি ফ্লাইটে এক কোটি ১০ লাখ টাকা লোকসান দিতে হয় বলে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি বাংলাদেশ বিমানের দুর্নীতি ও অর্থ অপচয়ের অভিযোগ স্বীকার করে বলেন, বিষয়টি তদন্ত হচ্ছে। কেউ দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বেসরকারি খাতে বিমানকে ছেড়ে দেওয়ার ব্যাপারে সরকারের কোনো পরিকল্পনা নেই। তবে বিমানের ৬১ শতাংশ শেয়ার ছাড়ার ব্যাপারে সরকারের পরিকল্পনা রয়েছে।
তিনি প্রেস ব্রিফিংয়ে জানান, ব্যবস্থাপনাগত দিক বিবেচনায় বিমানের কৌশলগত অংশীদার খোঁজা হচ্ছে।
কক্সবাজারে মে মাসের ২০ থেকে ২১ তারিখ পর্যন্ত সার্ক পর্যটন মন্ত্রীদের বৈঠকের ব্যাপারে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, বিমান এখন সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে।
এফএএ’র পক্ষ থেকে বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটিকে আগাম কোনো পূর্বাভাস না দিয়ে নিউইয়র্কে বিমানের ডিসি - ১০ অবতরণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
এফএএ’র নিষেধাজ্ঞার কারণে বিমানের ওই ফ্লাইট নিউইয়র্কে অবতরণ করতে না পেরে যাত্রীদের নিয়ে বিমানের ফ্লাইটটি মন্ট্রিলে অবতরণ করে।
