বাংলাদেশ রেলওয়ে ফুলবাড়ি প্রকল্প থেকে কয়লা পরিবহন করে ২ বিলিয়ন ডলার আয় করবে
দিনাজপুরের ফুলবাড়ি কয়লা প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনাকারী এশিয়া এনার্জি বাংলাদেশ রেলওয়েকে বৃহস্পতিবার জানায়, খনির কয়লা ও যন্ত্রপাতি পরিবহন করে রেলওয়ে দুই বিলিয়ন মার্কিন ডলার আয় করবে।
এশিয়া এনার্জির রেলওয়ে ডেভেলপমেন্ট ম্যানেজার ডেভিড শনফেল্ড বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কেএমএ রব ও রেলের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে দেখা করে এ প্রকল্পের প্রাক্কলিত পরিবহন রাজস্বের উপর উপস্থাপনা দেন।
পূর্ণ উৎপাদন অবস্থায় ফুলবাড়ি কয়লা খনি থেকে প্রতি বছর ১৫ মিলিয়ন টন কয়লা এবং দেড় মিলিয়ন টন সহসম্পদ উত্তোলিত হবে যা রেলওয়ের মাধ্যমে পরিবহন করতে হবে। শনফেল্ড বলেন, এর ফলে রেলওয়ের মালামাল পরিবহন ৬ গুন বৃদ্ধি পেয়ে ৪ মিলিয়ন টন থেকে ২৬ মিলিয়ন টনে দাড়াবে।
এই অতিরিক্ত মালামাল পরিবহনের জন্য রেল লাইন সংস্কার ও যন্ত্রপাতি ক্রয়ে রেলওয়েকে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে হবে।
এশিয়া এনার্জি প্রাথমিক পর্যায়ে ফুলবাড়ি কয়লাখনি থেকে উত্তোলিত কয়লার বেশিরভাগ রপ্তানি করবে। এর বেশিরভাগই ফুলবাড়ি থেকে রেলের মাধ্যমে খুলনায় নেয়া হবে। সেখান থেকে বার্জের মাধ্যমে আকরাম পয়েন্ট হয়ে সমূদ্রগামী জাহাজে তোলা হবে।
প্রাথমিক পর্যায়ে ৩ মিলিয়ন টন কয়লা স্থানীয় বাজারে বিক্রি করা হবে। এই কয়লাও রেলের মাধ্যমে গাজীপুরের মত শিল্প এলাকায় পাঠানো হবে। স্থানীয় বাজারে কয়লার ব্যবহার ও চাহিদা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে অধিক পরিমাণ কয়লা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যবহারের জন্য রাখা হবে।
ফুলবাড়ি কয়লাখনি পরিচালনার জন্য যেসমস্ত ভারী যন্ত্রপাতি, জ্বালানি ও অন্যান্য সরবরাহ আমদানি করতে হবে তা পরিবহনের জন্যও রেলওয়ে ব্যবহার করা হবে।
শনফেল্ডের রেলওয়েতে ৪০ বছরেরও অধিক সময়ে কাজের অভিজ্ঞতা রয়েছে। এর বেশির ভাগ সময়েই তিনি অষ্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে কর্মরত ছিলেন যেখানে তিনি বছরে ১৫০ মিলিয়ন টন কয়লা পরিবহনের দায়িত্বপ্রাপ্ত এক ম্যানেজমেন্ট টিমের অংশ হিসেবে কাজ করেছেন।
