বিশেষজ্ঞদের অভিমত: বিশ্বকাপ স্বাস্থের জন্য ক্ষতিকর
জার্মানিতে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বের খেলাগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে পারে বলে সতর্ক করে দিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, কিছু ম্যাচ আসলেই শ্বাসরূদ্ধকর।
বিশ্বকাপের উত্তেজনায় হার্ট অ্যাটাক, অতিরিক্ত মদ্যপান করে গাড়ী চালানো, ভক্তদের সংঘাত, স্ত্রী নির্যাতন, ধূমপান, চর্বিদার খাদ্যে আসক্তি, এমন কি আত্মহত্যার মত নেতিবাচক ঘটনা বেড়ে যাওয়ার আশঙ্কা করছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
১৯৯৮ সালের বিশ্বকাপে ইংল্যান্ড টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে পরাজিত হওয়ার পর ব্রিটেনে হার্ট অ্যাটাকের মাত্রা শতকরা ২৫ % বৃদ্ধি পায়। ব্রিটিশ মেডিক্যাল জার্নালের এক সমীক্ষায় এ তথ্য পাওয়া যায়।
পূর্ববর্তী বছরগুলোতে একই দিনে যত হৃদরোগী হাসপাতালে ভর্তি হয়েছে তার চেয়ে ৫০ জন বেশি রোগী ভর্তি হন ইংল্যান্ডের হেরে যাওয়ার পর বলে জানায় বার্মিংহ্যাম বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। এ ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধি করার প্রতি তারা জোর দিয়েছে।
অন্যদিকে নেদারল্যান্ডে এক সমীক্ষা চালিয়ে দেখা যায়, ১৯৯৬ সালে ফ্রান্সে ইউরোপীয় চ্যাম্পিয়ন্সশিপে ডাচ দল ফ্রান্সের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিলে স্বাভাবিকের চেয়ে মৃত্যুহার ৫০ % বেড়ে অতিরিক্ত ১৪ জন পুরুষের মৃত্যু ঘটে।
বিশ্বকাপ বা এ ধরনের বড় টুর্নামেন্ট চলাকালে ফুটবল ম্যাচের তীব্র উত্তেজনার পার্শ্ব প্রতিক্রিয়া স্বরূপ হতাশা, সহিংসতা ও নিজের ক্ষতি সাধন করার মত প্রবণতা সব সময়ই বৃদ্ধি পেতে দেখা যায়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী ১৯৫০ সালে বিশ্বকাপে উরুগুয়ের কাছে ব্রাজিলের পরাজিত হওয়ার পর ব্রাজিলে আত্মহত্যার হার বৃদ্ধি পায়।
